Bartaman Logo
১৪ জুন, ২০২৬

বাজেটের আগে নির্মলার সঙ্গে বৈঠক? আজ দিল্লিতে শুভেন্দু

রাজ্যের বাজেটের আগে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে শুভেন্দু অধিকারীর জরুরি বৈঠক হতে পারে। বিস্তারিত পড়ুন।

বাজেটের আগে নির্মলার সঙ্গে বৈঠক? আজ দিল্লিতে শুভেন্দু
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২২ জুন রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে জরুরি বৈঠক করতে পারে রাজ্য সরকার। শনিবার বিজেপির শীর্ষ সূত্রে এখবর জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ, রবিবার রাতে দিল্লিতে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ এবং কাল, সোমবার দিল্লিতে তাঁর কিছু সাংগঠনিক কর্মসূচি রয়েছে বলেই জানা যাচ্ছে। কিন্তু তারই ফাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে জরুরি বৈঠক করতে পারেন বলেই শোনা যাচ্ছে। তবে যদি আজকালের মধ্যে এই বৈঠক না হয়, সেক্ষেত্রে চলতি সপ্তাহেই রাজ্য বাজেট সংক্রান্ত বৈঠক করতে পারে সরকার। সেখানে হাজির থাকতে পারেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং অর্থদপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। 

Advertisement

শনিবার রাজ্য অর্থদপ্তরের পক্ষ থেকে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি ঠিকই। কিন্তু রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘বর্তমান’কে বলেন, ‘রাজ্য  বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির সঙ্গে বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুরোটাই বিচার্য বিষয়। স্বাভাবিকভাবেই বাজেটের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।’ ফলে নির্মলা সীতারামনের সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রীর সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে তুমুল জল্পনার তৈরি হয়েছে। রাজ্যে পালাবদলের পরই বাংলার প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে। ঘন ঘন দিল্লিতে এসে তৃণমূলের বিদ্রোহী এবং বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বিজেপির অন্দরের খবর, অন্তত রাজ্যের বাজেট অধিবেশন শুরুর আগে তৃণমূল প্রশ্নে যেন যবনিকা পতন হয়। সেইমতোই উদ্যোগী হয়েছেন বিজেপির শীর্ষ নেতামন্ত্রীরা।  
সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হলে সেখানে যেমন বাংলার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের আর্জি জানানো হবে। তেমনই রাজ্যের বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি এবং প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে সরকার গঠনের পর থেকেই বিজেপি দাবি করেছে, যাবতীয় খরা কাটিয়ে বাংলায় বিপুল শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যে ক্রমশ শিল্পে বিনিয়োগের পথও প্রশস্ত হচ্ছে। এমন প্রেক্ষাপটে তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ