মিরাট: প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামীকে খুন। দেহ টুকরো টুকরো করে ভরা হয়েছিল নীল ড্রামে। গতবছর মার্চ মাসের ঘটনা। মিরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডে সারা দেশেই চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই মামলায় বুধবার সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিলকে মৃত্যুদণ্ড দিল মিরাটের জেলা আদালত। সপ্তাহ দুয়েক আগে দু’জনকে দোষী সাব্যস্ত করা হয়। এদিন তাদের ফাঁসি সাজা দিলেন জেলা জজ অরবিন্দ কুমার মিশ্র।
এই মামলায় মোট ১২৬টি শুনানি হয়েছে। ২২ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। তারপর রায়দানের সময় বিচারক মিশ্র জানান, সৌরভকে হত্যার ষড়যন্ত্র করেছিল মুসকান ও সাহিল। খুনের পর নীল ড্রামে দেহ ঢুকিয়ে সিমেন্ট ঢেলে দেওয়া হয়েছিল। এই ধরনের অপরাধ সমাজে বৃহত্তর ক্ষেত্রে আতঙ্ক তৈরি করে। সামগ্রিক দিক বিবেচনা করেই দোষীদের ফাঁসির সাজা শোনানো হয়েছে। শুরু থেকেই মেয়ের উপর ক্ষুব্ধ ছিল মুসকানের পরিবার। জেলে থাকাকালীন একদিনও তার সঙ্গে দেখা করেননি পরিবারের সদস্যরা। এমনকী এদিন সকালে মুসকানের বাবা-মা আদালতকে জানায়, সৌরভ খুব ভালো মানুষ ছিল। দোষীদের মৃত্যুদণ্ড হলে আমরা বিরোধিতা করব না। উল্লেখ্য, ২০২৫ সালের ৩ মার্চ ইন্দ্রনগরের বাড়িতে স্বামীকে খুন করে মুসকান। এই ঘটনায় তাকে মদত দিয়েছিল প্রেমিক সাহিল শুক্লা। প্রথমে সৌরভকে অচৈতন্য করা হয়। পরে খুন করে দেহটি টুকরো টুকরো করে কাটা হয়। তারপর নীল ড্রামে ঢুকিয়ে সিমেন্ট ঢেলে দেওয়া হয়েছিল।



