Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গ মেডিকেলে বৃষ্টির জলে ভিজে নষ্ট লক্ষাধিক টাকার ওষুধ

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বৃষ্টির জলে লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হয়েছে। অব্যবস্থার কারণে ক্ষতির পরিমাণ বাড়ছে। বিস্তারিত পড়ুন।

উত্তরবঙ্গ মেডিকেলে বৃষ্টির জলে ভিজে নষ্ট লক্ষাধিক টাকার ওষুধ
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, শিলিগুড়ি: চূড়ান্ত অব্যবস্থা ও অবহেলার জেরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃষ্টির জলে ভিজে লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতের প্রবল বৃষ্টির পর এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Advertisement

জানা গিয়েছে, স্টোররুমের ছাদের একটি ভাঙা অংশ এবং খোলা পাইপ দিয়ে বৃষ্টির জল ভিতরে ঢুকে পড়ে। যে জায়গায় বিপুল পরিমাণ ওষুধের কার্টন মজুত ছিল, সেখানে জল জমে যায়। রাতভর জলের মধ্যে পড়ে থাকায় বহু ওষুধের বাক্স ভিজে নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ওষুধের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই হাসপাতালের কর্মীরা জল সরানোর কাজে নামেন। বালতি ও বস্তার সাহায্যে স্টোররুম থেকে জল বের করা হয়। তবে ততক্ষণে বহু ওষুধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্টোররুমের উপরের অংশে পূর্তদপ্তরের সংস্কারের কাজ চলছিল। সেই কাজের সময় ছাদের একটি অংশ খোলা রাখা হয়েছিল। কর্মীদের একাংশের অভিযোগ, বর্ষাকালে এমন কাজ করার ক্ষেত্রে যথাযথ সতর্কতা নেওয়া হয়নি। ফলে বৃষ্টির জল সরাসরি স্টোররুমে ঢুকে পড়ে। দীর্ঘদিন ধরে স্টোররুমের বেহাল অবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, স্যাঁতসেঁতে পরিবেশে ওষুধ মজুত রাখা হলেও স্টোররুমের সম্প্রসারণ বা আধুনিকীকরণের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
স্টোররুমে বৃষ্টির জল ঢুকে ওষুধ নষ্ট হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে গাফিলতির অভিযোগ উঠেছে। হাসপাতালের অ্যাডিশনাল সুপার ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায় জানান, স্টোরের ছাদ মেরামতির কাজ চলছিল। যাঁরা কাজের দায়িত্বে ছিলেন, তাঁদের গাফিলতির কারণে ভাঙা অংশ ঢেকে রাখা হয়নি। সেই কারণেই বৃষ্টির জল স্টোরের ভিতরে ঢুকে পড়ে।
তিনি বলেন, ফার্মাসিস্ট এখনও চূড়ান্ত রিপোর্ট জমা দেননি। রিপোর্টে যদি ওষুধ নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত হয়, তাহলে মেরামতির কাজের দায়িত্বে থাকা পূর্তদপ্তরের ত্রুটি নিয়ে বিষয়টি লিখিতভাবে স্বাস্থ্যভবনকে জানানো হবে। ঘটনার তদন্ত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। • বৃষ্টির জল পরিষ্কারের কাজ চলছে।

সম্পর্কিত সংবাদ