Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মেডিকেলের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের লিফট বিকল, দুর্ভোগ

আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের লিফট বিকল হয়ে গিয়েছে। তার জেরে রোগীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ছেন।

মেডিকেলের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের লিফট বিকল, দুর্ভোগ
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের লিফট বিকল হয়ে গিয়েছে। তার জেরে রোগীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ছেন। হুইল চেয়ারে রোগীকে বসিয়ে এইচডিইউ বিভাগে নিয়ে যেতে হচ্ছে। তাতে হাত লাগাতে হচ্ছে রোগীর আত্মীয় ও হাসপাতাল কর্মীদের। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, এইচডিইউ ইউনিটে ওঠার জন্য দু’টি লিফট বিকল হয়েছে। বাকি দু’টি লিফ্ট দিয়ে ভবনে ওঠা নামা করা যাচ্ছে। বিকল লিফটগুলিতে যন্ত্রাংশ লাগাতে হবে। মেরামতির আর্জি জানিয়ে স্বাস্থ্যদপ্তরে জানানো হয়েছে। আপাতত এইচডিইউ বিভাগে রোগীদের নিয়ে যেতে চারতলা ওটির বিকল্প ফ্লোর ব্যবহার করতে বলা হয়েছে। তাতে হাসপাতালের কর্মীরাও সাহায্য করছেন। আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, কোনো রোগী যেন ভোগান্তির মধ্যে না পড়েন, তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি। পাশাপাশি দ্রুত মেরামতির জন্যও বলা হয়েছে। 

Advertisement

আরামবাগের আদমপুরের বাসিন্দা অরূপ বাগ বলেন, গত বুধবার হাসপাতালে মেয়েকে ভরতি করি। বৃহস্পতিবার মেয়েকে এইচডিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়। সেই সময় ভবনের অন্য লিফট দিয়ে তুলে মহিলা ওয়ার্ড দিয়ে নিয়ে যাওয়া হয়। পরে স্ট্রেচারে করে সিঁড়ি দিয়ে এইচডিইউ বিভাগে যেতে হয়। তবে হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য কর্মীরা সাহায্য করেছিলেন। আমি অন্য রোগীদের ওঠা নামাতেও হাত লাগাচ্ছি। দ্রুত সমস্যার সমাধান হওয়াও প্রয়োজন। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে কয়েকশো রোগী ভরতি থাকেন। ওই ভবনের দু’দিকে পৃথক চারটি লিফট রয়েছে। তারমধ্যেই এইচডিইউ বিভাগে ওঠার দু’টি লিফট বিকল হয়ে যায়। রোগী ও তাঁদের পরিজনদের জন্য হাসপাতালে লিফট অপরিহার্য। এইচডিইউ বিভাগে গুরুতর রোগীদের ভরতি রেখে চিকিৎসা করা হয়। ফলে পরীক্ষা সহ ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য লিফটের প্রয়োজন পড়ে। দ্রুত যাতে সমস্যার সমাধান হয় তার দাবি জানিয়েছেন রোগীর আত্মীয়রা। হাসপাতালের এক আধিকারিক বলেন, এইচডি বিভাগে ওঠার দুটি লিফটের সেন্সর সংক্রান্ত সমস্যা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তারজন্য যন্ত্রাংশ লাগাতে হবে। গত শনিবার রাতে আরও একটি লিফ্ট বিকল হয়েছিল। কিন্তু সেটি এদিন সারিয়ে দেওয়া হয়েছে। বাকি দু’টির মেরামতির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রোগীদের যাতে হয়রানি না হয়, সেই দিকটিও নিশ্চিত করা হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ