নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধুলাগড় থেকে অঙ্কুরহাটি পর্যন্ত জাতীয় সড়কের ধারের শিল্পতালুক থেকে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কোনো লরি বেরতে পারবে না। কেবলমাত্র বাইরে থেকে গাড়ি ঢুকতে পারবে শিল্পতালুকে। ১৬ নম্বর জাতীয় সড়কের এই অংশে যানজট কমাতে মঙ্গলবার থেকে এমনই পদক্ষেপ করল হাওড়া সিটি পুলিশ। আগামী দিনে এই দূরত্ব অতিক্রম করতে যাতে ২০ থেকে ২৫ মিনিটের বেশি সময় না লাগে, সেই মতো পরিকল্পনা তৈরি করছেন পুলিশকর্তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে গেলে এই জাতীয় সড়ক ধরেন। আর সেই রাস্তায় যানজট নিত্যদিনের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর তিনি পুলিশকর্তাদের নির্দেশ দেন, এই রাস্তায় যানজট যেভাবে হোক কমাতে হবে। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। হাওড়া সিটি পুলিশের কর্তারা রাস্তার পরিস্থিতি সরজমিনে দেখার পর বুঝতে পারেন, মূল সমস্যা হল অঙ্কুরহাটি মোড়। জাতীয় সড়কের সংযোগকারী রাস্তার সিগন্যাল দীর্ঘক্ষণ খোলা থাকছে। সেখান দিয়ে লরি ও অন্যান্য গাড়ি ডানদিকে শিল্পতালুকে ঢুকছে। এমনকি, টোটো পর্যন্ত জাতীয় সড়ক টপকে অন্য প্রান্তে যাচ্ছে। যে কারণে মূল সড়কে দীর্ঘস্থায়ী যানজট তৈরি হচ্ছে। সময় মিলিয়ে অফিসাররা দেখেন, মাত্র দু’মিনিট জাতীয় সড়ক বন্ধ করলেই ছোটো-বড়ো মিলিয়ে ৮০০ থেকে ১০০০ গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। পাশাপাশি কর্তাদের নজরে আসে, জালান কমপ্লেক্সের এক ও তিন নম্বর গেটের সামনে শিল্পতালুকের লরি ঢুকছে-বেরচ্ছে। জাতীয় সড়কের উপর দিয়ে ইউটার্ন করে লরি ঢুকছে কমপ্লেক্সের ভিতর। বড়ো বড়ো ট্রেলার ঘুরতে অন্তত তিন থেকে পাঁচ মিনিট সময় নিচ্ছে। তাই প্রথমেই অফিসাররা অঙ্কুরহাটির মোড়ে ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থায় পরিবর্তন আনেন।



