Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

মাধি তালালের সঙ্গে দ্রুত বন্ধুত্ব গড়ে উঠেছে: দিয়ামানতাকোস

মাধি তালালের সঙ্গে দ্রুত বন্ধুত্ব গড়ে উঠেছে: দিয়ামানতাকোস
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সঞ্জয় সরকার, কলকাতা: গত আইএসএলের সর্বাধিক গোলদাতা। ১৭ ম্যাচে ঝুলিতে ছিল ১৩ গোল। নতুন মরশুমে একরাশ প্রত্যাশার চাপ কাঁধে নিয়েই লাল-হলুদ জার্সি গায়ে চাপান দিমিত্রিয়স দিয়ামানতাকোস। ইমামি ইস্ট বেঙ্গলে শুরুটা অবশ্য সুখের হয়নি এই গ্রিক স্ট্রাইকারের। আইএসএলে প্রথম সাত ম্যাচে মাত্র একবার বিপক্ষের জাল কাঁপান তিনি। তবে এএফসি চ্যালেঞ্জ লিগে তিন ম্যাচে চারটি গোল পেয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দেন দিয়ামানতাকোস। আইএসএলের গত ম্যাচে তাঁর লক্ষ্যভেদেই প্রথম জয়ের মুখ দেখে ইস্ট বেঙ্গল। ক্রমশ দানা বাঁধছে মাধি তালালের সঙ্গে তাঁর যুগলবন্দি। ফিরতি ডার্বিতে মোহন বাগানের দিমিত্রির সঙ্গে দ্বৈরথের জন্য মুখিয়ে দিয়ামানতাকোস। এমনই একাধিক বিষয় নিয়ে বুধবার নিউটাউনে টিম হোটেলে ‘বর্তমান’কে সাক্ষাৎকার দিলেন লাল-হলুদের গ্রিক স্ট্রাইকার।
Advertisement
প্রশ্ন: কলকাতা কেমন লাগছে?
দিয়ামানতাকোস: দারুণ। এখানকার মানুষের ফুটবলের প্রতি উন্মাদনা সত্যিই অতুলনীয়।
প্রশ্ন: গতবার সোনার বুট জেতেন আপনি। এবার সেই পুরস্কার ধরে রাখার ব্যাপারে কতটা আশাবাদী?
দিয়ামানতাকোস: স্ট্রাইকারের কাজ গোল করা। সেই জন্যই দল আমায় সই করিয়েছে। অবশ্যই চেষ্টা করব, সেরাটা উজাড় করে দিতে। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়েও দলের জয় বেশি গুরুত্বপূর্ণ। 
প্রশ্ন: কেরলে লুনার সঙ্গে আপনার বোঝাপড়া দারুণ ছিল। বর্তমানে তালাল-দিমি জুটিও বেশ নজর কাড়ছে। এই বিষয়ে আপনার কী মতামত?
দিয়ামানতাকোস: লুনা আর তালাল একই ধরনের ফুটবলার। তাই মানিয়ে নিতে সমস্যা হয়নি। সবচেয়ে বড় কথা, তালাল জানে কোথায় বল বাড়াতে হবে। এই রসায়ন কিন্তু এতো সহজে গড়ে ওঠে না। হয়তো আমরা অল্প সময়ের মধ্যে বন্ধু হতে পেরেছি। তারই রেশ খেলায় ধরা পড়ছে।
প্রশ্ন: ইস্ট বেঙ্গলে আপনার শুরুটা হয়েছিল কুয়াদ্রাতের জামানায়। বর্তমানে দলের দায়িত্বে অস্কার ব্রুজোঁ। দুই কোচের সময়ে ড্রেসিং-রুমে কতটা পার্থক্য খুঁজে পান?
দিয়ামানতাকোস: দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে সেরা। তবে মরশুমের শুরুটা ভালো না হওয়ায় মানসিকভাবে আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম। অস্কার দায়িত্ব নিয়ে সেই জায়গায় উন্নতিতে সবার আগে জোর দেন। এএফসি চ্যালেঞ্জ লিগে সেটাই তিনি সফলভাবে করে দেখিয়েছেন। আগামীতেও তা বজায় রাখতে হবে।
প্রশ্ন: দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে ‘নাম্বার নাইন ব্যাটল’ কতটা উপভোগ্যের?
দিয়ামানতাকোস: আমাদের দু’জনেরই গ্রিসের সঙ্গে যোগ রয়েছে। তাই তুলনা একটা থাকবেই। তাছাড়া বর্তমানে আমরা প্রতিদ্বন্দ্বী। তবে তা শুধুই মাঠের ৯০ মিনিট। এর বাইরে আমাদের মধ্যে কোনও লড়াই নেই।
প্রশ্ন: তাহলে কি ভবিষ্যতে পেত্রাতোসের সঙ্গে আপনাকে নৈশভোজে দেখা যেতে পারে?
দিয়ামানতাকোস: অবশ্যই। তবে তা ইস্ট বেঙ্গলের ডার্বি জয়ের পর।
সম্পর্কিত সংবাদ