নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: উপ নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার রেজিনগর বাজারে ঘুরলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলের প্রার্থী মহম্মদ সাঈদের সমর্থনে বাজার এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার ও জনসংযোগ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রেজিনগর বিধানসভা উপ নির্বাচনের সিপিএম প্রার্থী মহম্মদ সাঈদ এবং দলের নেত্রী আফরিন বেগম শিল্পী সহ স্থানীয় নেতৃত্বরা।
বৃহস্পতিবার রেজিনগর বাজার এলাকায় দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সিপিএম নেতারা। দলের প্রার্থীর পক্ষে জনসমর্থন চেয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তাঁরা। বাজারের বিভিন্ন অংশে এই প্রচার ঘিরে দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সিপিএম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দিনভর রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার কর্মসূচি চলে। সকালে বাজার এলাকায় জনসংযোগের পর বিকেলে একটি সভা করেন সেলিম সাহেব। সেই সভায় সেলিম সাহেব সহ দলের অন্যান্য নেতাদের বক্তব্য রাখেন।
সেলিম সাহেব বলেন, মুর্শিদাবাদের তিনজন সাংসদের রাজনীতির কোনো ঠিক নেই। এরা তৃণমূলের নামে জিতেছিল বিজেপির হাত ধরার জন্য? আজ সব বিজেপির হাতের মোয়া খাচ্ছে। শুধুমাত্র কয়েকজন মানুষ এখনো বিজেপিকে রুখে দেওয়ার জন্য লড়াই চালাচ্ছে। তারা যখন বিজেপির বিরুদ্ধে বলছিল একা পরে গিয়েছিল। এবার আমাদের প্রার্থীর সমর্থনে পথে নামছি। ভালো সমর্থন পাচ্ছি। তিনি আরও বলেন, পুলিশ তখন উর্দি ছেড়ে দিয়ে তৃণমূলের লুঙ্গি পরেছিল। এখন বিজেপির লুঙ্গি পরছে। পুলিশকে দিয়ে তৃণমূল যেমন রাজনীতি করেছে, বিজেপিও সেটাই করছে।
এদিন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকেও আক্রমণ করেন সেলিম সাহেব। তিনি বলেন, বিজেপির দাওয়াত খেলে বদ হজম হবেই। আমরা আগেই বলেছিলাম, বিজেপির হাতের দাওয়াত খেয়ো না, হুকো খেয়ো না। এটা যারা যারা খেয়েছে সকলের একই অবস্থা হয়েছে। হুমায়ুনকে বলা হয়েছিল বিজেপির টাকায় হেলিকপ্টারে ঘুরে লাভ নেই। পরে বিপদে পড়বে। এখন সেটাই হল।