


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোহন বাগান। আগামী ৪ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে লোবেরা ব্রিগেডের সামনে আওয়েন কোয়েলের দল। যে কোনো মূল্যে ৩ পয়েন্ট পেতে মরিয়া মোহন বাগানের স্প্যানিশ কোচ। টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে রবিবার অনুশীলনে নামেন পেত্রাত্রোস। কাফ মাসেলে চোটের কারণে তাঁকে নিয়ে চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি প্র্যাকটিসে যোগ দেন জেমি ম্যাকলারেনও।
লিগে টানা ৪ ম্যাচ জেতার পর তাল কেটেছে মোহন বাগানের। বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করেছেন কামিংসরা। শুধু তাই নয়, যুবভারতীতে মুম্বইয়ের কাছে হারও বড় ধাক্কা। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পালতোলা নৌকা ব্রিগেড। এক পয়েন্ট এগিয়ে মুম্বই। এমন পরিস্থিতিতে ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজি দলের বিরুদ্ধে প্রত্যাবর্তনে মুখিয়ে লোবেরা। তবে স্বস্তিতে নেই জামশেদপুরও। মাঝমাঠের সেরা তারকা মাধি তালাল নেই। চোট নিয়ে দেশে ফিরেছেন ফরাসি ফুটবলার। তালাল না থাকায় ভারসাম্য নষ্ট হয়েছে অনেকটাই। দুর্বল দিল্লি স্পোর্টিংয়ের বিরুদ্ধে ড্র ছাড়াও নর্থ ইস্টের কাছে বশ মেনেছে তারা। ৬ ম্যাচে কোয়েল ব্রিগেডের সংগ্রহ ১৩ পয়েন্ট। তবে ঘরের মাঠে ম্যাকলারেনদের চ্যালেঞ্জ ছুড়তে তৈরি এজেরা।