Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

পেনাল্টি নষ্ট মিগুয়েলের চোট পেলেন ম্যাকলারেন, সাদামাটা ফুটবলে ড্র মোহন বাগানের

পুজোর আর বেশি বাকি নেই। নিউ মার্কেটে কেনাকাটা চলছে পুরোদমে

পেনাল্টি নষ্ট মিগুয়েলের  চোট পেলেন ম্যাকলারেন, সাদামাটা ফুটবলে ড্র মোহন বাগানের
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহন বাগান-১     :         নর্থ ইস্ট-১
(আরউইন)                    (এতিয়ান)

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আর বেশি বাকি নেই। নিউ মার্কেটে কেনাকাটা চলছে পুরোদমে। মঙ্গলবার দুপুরে ধর্মতলার ছবিটা একেবারেই আলাদা। চারদিকে মোহন বাগান সমর্থক। ঘরের মাঠে শিল্ডের ম্যাচে প্রিয় দলের প্রতিপক্ষ নর্থ ইস্ট। তাই গ্যালারি তো ভরাতে হবেই। এদিনের ছবি সাত কিংবা আটের দশকের কথা মনে করিয়ে দিতে বাধ্য। এমন আবহে মিগুয়েলরা জিতলে তা অনুরাগীদের কাছে পুজো বোনাস হতেই পারত। বদলে লিড নিয়েও পয়েন্ট নষ্টের আপশোস গঙ্গাপাড়ের ক্লাবে। ১-১ গোলে ড্র ম্যাচ। দ্বিতীয়ার্ধে লি আরউইনের লক্ষ্যভেদে এগিয়ে যায় পানোস ব্রিগেড। গোল শোধ করেন নর্থ ইস্টের এতিয়ানের। গোলপার্থক্যে শীর্ষে থেকেই সেমি-ফাইনালে পৌঁছাল মোহন বাগান। তবে পারফরম্যান্স খুবই সাদামাটা। চিন্তা বাড়াল জেমি ম্যাকলারেনের কুঁচকির চোট। ব্যথায় কাতর হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। বুধবার এমআরআই হওয়ার কথা।
আগের ম্যাচে শ্রীনিধি ডেকানকে হাফ ডজন গোলের মালা পরিয়েছিল মোহন বাগান। এদিন মিগুয়েলকে ডাগ-আউটে রেখে উইনিং কম্বিনেশন বদলে ফেলেন পানোস। স্কট স্ট্রাইকার আরউইন ছটফট করলেও ফাইনাল বল বাড়াবেন কে? প্রথম একাদশে বিদেশি রাখেননি নর্থ ইস্ট কোচ বেনালি। স্রেফ দৌড়ে পালটা প্রতিরোধ গড়লেন রবীন যাদব, আমন সিকে, থইবা সিংরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিগুয়েল, ম্যাকলারেনকে নামালেন পানোস। ফলও মেলে হাতেনাতে। ৪৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের সন্ধান পায় মোহন বাগান। ড্র্যাজিচের লং বল থেকে ম্যাকার ব্যাক হেড খুঁজে নেয় আরউইনকে। বল জালে জড়াতে কোনো ভুল হয়নি তাঁর (১-০)। ৭০  মিনিটে বিপক্ষ বক্সে বল দীনেশের হাতে লাগায় পেনাল্টি পায় মোহন বাগান। কিন্তু মিগুয়েলের স্পটকিক রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার দীপেশ চৌহান। পরের মিনিটেই সমতা ফেরায় নর্থ ইস্ট। দীনেশের ক্রস আমন সিকে হেড করলে বল পান এতিয়ান। পরিবর্ত হিসাবে মাঠে নামা স্প্যানিশ ফুটবলারের ধারেকাছে দেখা গেল না আলবার্তোদের। দেখেশুনে ফার্স্ট টাচেই বিশালকে হার মানান তিনি (১-১)। এরইমধ্যে লাল কার্ড দেখতে পারতেন শুভাশিস। আমন সিকেকে দৃষ্টিকটুভাবে পা চালিয়েও বেঁচে গেলেন তিনি। মোহন বাগান জ্বলে উঠল শেষ ৫ মিনিট। মিগুয়েলের শট রুখলেন দীপেশ। এরপর সুহেল ভাটের দূরপাল্লার শট প্রতিহত করলে ছিটকে আসা বল গোলে ঠেলতে ব্যর্থ কিয়ান। ম্যাচের পর সুযোগ নষ্ট নিয়ে হতাশা গোপন করেননি মোহন বাগান কোচ। মাঠে এসেছিলেন মোহন বাগানের বহু যুদ্ধের সৈনিক ব্যারেটো। সুযোগ নষ্ট দেখে তাঁর গলাতেও আক্ষেপ। আর মাঠ ফেরত অনুগামীদের আপশোস, আজ যদি ব্যারেটো থাকত!
মোহন বাগান: বিশাল, রাহুল, আলবার্তো, শুভাশিস, জেলকোভিচ (ম্যাকলারেন), টাংরি, অভিষেক, লিস্টন (মিগুয়েল), ড্র্যাজিচ (কিয়ান), ছাংতে ও আরউইন (আশিস)।

Advertisement
সম্পর্কিত সংবাদ