Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

এমবাপের হ্যাটট্রিক, বড়ো জয় রিয়ালের

অ্যাওয়ে ম্যাচে নাটকীয় জয় দিয়ে রিয়াল মাদ্রিদে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন হোসে মরিনহো

এমবাপের হ্যাটট্রিক, বড়ো জয় রিয়ালের
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াল মাদ্রিদ- ৪           :         রিয়াল সোসিদাদ- ১

Advertisement

মাদ্রিদ: অ্যাওয়ে ম্যাচে নাটকীয় জয় দিয়ে রিয়াল মাদ্রিদে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন হোসে মরিনহো। বুধবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অবশ্য সহজ জয় তুলে নিল লস ব্ল্যাঙ্কোস। রিয়াল সোসিদাদকে ৪-১ গোলে হারাল তারা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক কিলিয়ান এমবাপের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র। সোসিদাদের একমাত্র গোলটি লুকা সুসিচের। এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে শীর্ষে উঠে এল রিয়াল।
বিগত দু’টি মরশুম মোটেই ভালো কাটেনি রিয়ালের। গতবার তো ট্রফিহীন থাকতে হয় তাদের। একের পর এক কোচ বদলেও কোনো সাফল্য না আসায় চলতি মরশুমের শুরুতে মরিনহোকে ফিরিয়ে আনেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। দ্বিতীয়বারের জন্য দায়িত্ব নিয়েই নিজের চেনা মেজাজে দলকে পরিচালনা করেন তিনি। প্রথমেই রক্ষণ সংগঠনের উপর জোর দেন তিনি। সেই মতো ডেনজিল ডামফ্রিস, কুকুরেয়াকে সই করায় রিয়াল। একইসঙ্গে ভিনিসিয়াসকে ধরে রাখতে সক্ষম হয় তারা।
মরশুমের প্রথম ম্যাচে শেষলগ্নের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল মাদ্রিদের ক্লাবটি। বুধবার অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল মেলে ধরেন বেলিংহ্যামরা। ৪০ মিনিটে ভালভার্দের থ্রু পাস ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ডজ করে জাল কাঁপান এমবাপে (১-০)। রিয়াল অবশ্য সেই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই সমতায় ফেরে সোসিদাদ। স্কোরশিটে নাম তোলেন সুসিচ (১-১)। দ্বিতীয়ার্ধর শুরুতেই কুকুরেয়াকে নামিয়ে প্রান্তিক আক্রমণে জোর দেন মরিনহো। এই পর্বে একাধিকবার ওভার-ল্যাপে উঠে বিপক্ষের বক্সে হানা দেন এই স্প্যানিশ উইং-ব্যাক। ৬০ মিনিটে তাঁর পাস থেকে বেলিংহ্যামের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ফের দলকে এগিয়ে দেন এমবাপে (২-১)। আট মিনিট বাদে একক দক্ষতায় প্রতিপক্ষ বক্সে তিন ফুটবলারকে কাটিয়ে গোলের জন্য বল বাড়ান বেলিংহ্যাম। কৃতজ্ঞচিত্তে তা জালে জড়াতে ভুল করেননি ভিনিসিয়াস (৩-১)। আর ৮০ মিনিটে ব্রাজিলিয়ান তারকার পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে (৪-১)।

Advertisement
সম্পর্কিত সংবাদ