Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এমবাপের বাঁ হাটুতে চোট, স্ক্যান হয়েছিল ডান পায়ের!

ধরুন, আপনি বাঁ হাতে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। তিনি খুব মনোযোগ সহকারে আপনার ডান হাত পরীক্ষা করে বললেন, ‘চিন্তার কোনও কারণ নেই। সবকিছু ঠিকঠাক রয়েছে।’ কেমন লাগবে?

এমবাপের বাঁ হাটুতে চোট, স্ক্যান হয়েছিল ডান পায়ের!
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: ধরুন, আপনি বাঁ হাতে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। তিনি খুব মনোযোগ সহকারে আপনার ডান হাত পরীক্ষা করে বললেন, ‘চিন্তার কোনও কারণ নেই। সবকিছু ঠিকঠাক রয়েছে।’ কেমন লাগবে? এবার ভাবুন, সেই ডাক্তার পৃথিবীর অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আর রোগী বিশ্বের অন্যতম তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। শুনতে অবাক লাগছে তো! কিন্তু, ঠিক এই কাণ্ডটাই ঘটেছে। এমবাপের হাঁটুতে ‘ডান-বাম’ কাণ্ড ঘটিয়ে গোটা বিশ্বে এখন হাসির খোরাক ১৫ বারের ইউরোপ সেরারা।

Advertisement

ঘটনার সূত্রপাত, ২০২৫ সালে ৭ ডিসেম্বর। তখন রিয়ালের কোচ জাবি আলোন্সো। সেলতা ভিগোর বিরুদ্ধে বাঁ পায়ে চোট পান এমবাপে। স্বাভাবিকভাবেই স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয় তাঁকে। ক্লাবের মেডিক্যাল স্টাফরা এমআরআই মেশিনে ফরাসি তারকার দুটো পা’ই রেখেছিলেন। ফলে খেলোয়াড়ের বোঝার উপায় ছিল না,কোন পায়ে স্ক্যান হচ্ছে! কিন্তু, স্ক্যানের রিপোর্ট বের হয় ডান পায়ের। স্বভাবতই সুস্থ হাঁটুতে কোনো সমস্যা পাওয়া গেল না। অর্থাৎ, ইস্যু হল ফিট টু প্লে সার্টিফিকেট। এবং পরের তিন ম্যাচে পুরো ৯০ মিনিট বাঁ পায়ে চোট নিয়েই খেলে গেলেন এমবাপে। ব্যথা সহ্য করতে করতেই ইতিহাস গড়লেন তিনি। একটি ক্যালেন্ডার বছরে রোনাল্ডোর ৫৯ গোলের কীর্তিকে স্পর্শ করেন ফরাসি তারকা। রিয়াল ম্যানেজমেন্টের টনক নড়ল যখন ছুটি কাটিয়ে তিনি অনুশীলনে যোগ দিলেন। ব্যথায় ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না এমবাপে। অগত্যা আবার স্ক্যান করানো হল। অবশ্য এবার বাঁ পায়েই। রিপোর্টে ধরা পড়ল বাঁ হাঁটুর পোস্টেরিয়র লিগামেন্ট আংশিক ছেঁড়া! ফাঁস হয়ে গেল রিয়ালের মেডিক্যাল টিমের লজ্জাজনক কাণ্ড। এমবাপেও রীতিমতো ক্ষুব্ধ। কারণ, মারাত্মক এই ভুলে তাঁর কেরিয়ারও শেষ হয়ে যেতে পারত। আসন্ন বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারতেন। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে চিকিত্সার জন্য প্যারিসে পা঩ড়ি দেন ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা। এবং সেখানে বিখ্যাত চিকিত্সক বোত্রাঁ সোনেরি কোতেওরের তত্ত্বাবধানে সুস্থ হয়ে ওঠেন। ফরাসি সাংবাদিক ড্যানিয়েল রিওলো সম্প্রতি এই খবর প্রকাশ্যে আনেন। তাঁর মন্তব্য, ‘রিয়ালে এমবাপেকে নিয়ে যা হয়েছে সেটাকে বিপর্যয় বললেও কম হবে। এটা লজ্জার ইতিহাস।’
নতুন বছরেই পুরো মেডিক্যাল টিমকে বরখাস্ত করে মাদ্রিদের ক্লাবের ম্যানেজমেন্ট। তখন লজ্জা এড়াতে বলা হয়েছিল, ‘ফুটবলাররা বেশি চোট পাচ্ছিল বলেই এমন সিদ্ধান্ত।’ পরে আসল ঘটনা প্রকাশ্যে আসতে মুখ পুড়ল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। পাশাপাশি রিয়ালের প্রাক্তন পুষ্টিবিদ ইৎজিয়ার গঞ্জালেজ দ্য অরিবার আবার সম্প্রতি ভয়াবহ অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ‘রিয়ালে এখন চ্যাটজিপিটি দিয়ে প্লেয়ারদের খাদ্যতালিকা বানানো হয়।’ সবমিলিয়ে মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইছে। এমবাপে অবশ্য এখন সুস্থ। ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে ফ্রান্সের জাতীয় শিবিরে যোগ দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ