নিজস্ব প্রতিনিধি, আসানসোল: যানজটে নাভিশ্বাস উঠছে আসানসোল শহরের বাসিন্দাদের। ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। বিজেপির তরফে বার বার আসানসোল বাজারের উপর ফ্লাইওভারের দাবি জানানো হয়েছিল। এতদিন কর্ণপাতই করেননি পুরসভার কর্তারা। সরকার বদল হওয়ার পর তৃণমূল পরিচালিত সেই আসানসোল পুরসভার মেয়র চিঠি দিলেন বিজেপির সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। বুধবারই মেয়র বিধান উপাধ্যায় অগ্নিমিত্রা পালকে চিঠি লিখে তিনটি উড়ালপুল বা ফ্লাইওভারের দাবি জানিয়েছেন। বিরোধী দল হিসেবে নিজেদের পূর্বের দাবির কথা স্মরণ করিয়ে মেয়রের পদক্ষেপকে কটাক্ষ করেছে বিজেপি।
দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ পুর এলাকা আসানসোল। ১০৬ ওয়ার্ডের বিশাল পুরসভার মধ্যে জামুড়িয়া, রানিগঞ্জ, কুলটির মতো এলাকার থাকলেও প্রাণকেন্দ্র আসানসোলই। লক্ষ লক্ষ মানুষের বসবাস। এখন যানজটে কার্যত স্তব্ধ। এই শহরের লাইফলাইন জিটি রোড। আসানসোল বাজার, আসানসোল বাসস্ট্যান্ড সবকিছুই রাস্তার উপর। আবার এই রাস্তাটি আবার শহরের প্রবেশপথ। বেশিরভাগ সময়ে রাহা লেন মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত বিস্তীর্ণ রাস্তায় যানজট থাকে। একইভাবে এসবি গরাই রোডজুড়ে ব্যাপক যানজট। কারণ, রাস্তা দখল করে নির্মাণ। হটন রোডও যানজটে নাকাল। একাধিক ব্যবসায়িক সংগঠন বার বার আসানসোল পুরসভার রয়েছে জিটি রোডের উপর ফ্লাইওভার করার অনুরোধ করেছে। অনুরোধ করা হয়েছিল তৎকালীন মন্ত্রী মলয় ঘটকের কাছেও। কিন্তু ব্যবসায়ীদের সেই আশা পূরণ হয়নি। দিনের পর দিন মানুষ যানজটে নাকাল হয়েছেন। শহরে উপযুক্ত পার্কিং প্লাজা না থাকায় ফুটপাত, রাস্তার একাংশ জুড়ে হয়েছে পার্কিং। তারজন্য যানজটের সমস্যা আরও বাড়ে। এনিয়ে দিনের পর দিন কষ্ট ভোগ করেছে মানুষ। পুরসভা বস্তিন বাজারের সামনে জিটি রোডের পাশে একটি বহুতল পার্কিং প্লাজায় গাড়ি রাখার ব্যবস্থা হয়। তাও পরবর্তীকালে মার্কেট কমপ্লেক্স করা হবে বলে জানানো হয়। এতেও বাসিন্দারা নিরাশ হন। এমনকী বাজারের সামনে জঞ্জাল সাফাই নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। এক অস্বাস্থ্যকর পরিবেশে চলছে আসানসোলের বাণিজ্য। যা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি শচীন রায় বলেন, মানুষের আসানসোল থেকে মুখ ফেরাচ্ছে যানজটের কারণে। এতে ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরেই জিটি রোডের উপর ফ্লাইওভারের দাবি জানিয়ে এসেছি। আমরা রাজনীতিতে জড়াতে চাই না। আমরা চাই ফ্লাইওভার হোক।
আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, আমরা পুরমন্ত্রীকে চিঠি দিয়েছি তিনটি ফ্লাইওভার নির্মাণ করতে। জিটি রোড, এসবি গরাই রোড ও বার্নপুর রোডে ফ্লাইওভার গড়ার আর্জি জানানো হয়েছে। আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের জয়ী বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন, মেয়র পদ ছাড়ার কারণ ছিল আসানসোলের প্রতি বঞ্চনা। আসানসোল থেকে তৃণমূল সরকার কোটি কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। অথচ কোনো উন্নয়ন হয়নি। নিজেদের সরকার থাকার সময়ে আসানসোলের মেয়র কী করছিলেন? এবার যাবতীয় উন্নয়ন আমরাই করব। উনি এসব লিখে হাতের লেখা অভ্যাস করছেন। আসানসোল পুরনিগমের বিভিন্ন প্রকল্পের উন্নতির জন্য পুর মন্ত্রীকে চিঠি দিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।-নিজস্ব চিত্র