নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোথায় সেই চৈত্রের দাবদাহ! এ যেন শীতের ‘ইউ টার্ন’! গত কয়েক দিনের ঝড়বৃষ্টির সৌজন্যে কলকাতা থেকে উধাও মার্চের গরম। চলতি মাসের শুরুতে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। তারপর কোনো কোনো দিন তা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছে যায়। স্বভাবতই লেপ-কাঁথা, চাদর তুলে রেখে পাখা-এসির ধুলো ঝেড়ে ফেলেছিল শহরবাসী। এর মধ্যে শুক্র ও শনিবারের ঝড়বৃষ্টিতে আমূল বদলে গেল পরিস্থিতি। এমন হল যে শনি ও রবিবার সকালে শীতকাতুরে অনেককে দেখা গেল গায়ে চাদর দিয়ে বাজারে যেতে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে ১১ ডিগ্রি কম। আর রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা (২৭.২ ডিগ্রি) ছিল স্বাভাবিকের তুলনায় ৭.৫ ডিগ্রি কম। এই দু’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও ১৯ ডিগ্রির আশপাশে চলে আসে। এটাও স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে ৪ ডিগ্রি কম। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের তুলনায় সামন্য বাড়ে। কলকাতার আশপাশে দমদম, বারাকপুর, কল্যাণী প্রভৃতি জায়গায়ও তাপমাত্রা অনেকটা কম ছিল। দমদম ও বারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা (২৬ ডিগ্রি) ছিল স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম। কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা (২৫.৪ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ৭.৪ ডিগ্রি কম ছিল শনিবার। পরপর দু’দিনের তাপমাত্রার এই রেখচিত্রই বুঝিয়ে দিচ্ছে, চৈত্রেও কেন গায়ে চাদর চাপাতে হচ্ছে শহরবাসীকে!



