Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬

মুম্বইয়ের ঘাটকোপারে ভয়াবহ ভূমিধস, ৩ শিশু সহ মৃত সাত

ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের ঘাটকোপারে ভয়াবহ ভূমিধস। বুধবারের এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশু।

মুম্বইয়ের ঘাটকোপারে ভয়াবহ ভূমিধস, ৩ শিশু সহ মৃত সাত
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের ঘাটকোপারে ভয়াবহ ভূমিধস। বুধবারের এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশু। তাদের বয়স ২ থেকে ১৪ বছরের মধ্যে। আহত কমপক্ষে সাতজন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ব্যবহার করা হচ্ছে ভিক্টিম-ডিটেকশন ক্যামেরা। ধ্বংসস্তূপের তলায় এখনও বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে। জখমদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, চিরাগ নগরের গৌশিয়া এলাকায় কয়েকটি বাড়ির উপর পাহাড় থেকে মাটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান বাসিন্দারা। ভোর ৩টে ৪৮ নাগাদ ঘটনাটি ঘটে। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় মুম্বই পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। তবে ঘটনাস্থলে যাওয়ার রাস্তা সংকীর্ণ হওয়ায় বারবার তা ব্যাহত হয়। ইতিমধ্যে মৃতদের মধ্যে ছ’জনকে চিহ্নিত করা হয়েছে। সপ্তম ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। জখমদের মধ্যে তিনজনকে ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি চারজন কুরলার ভাবা হাসপাতালে চিকিৎসাধীন। বিএমসি’র এক আধিকারিক জানান, বর্তমানে প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement
সম্পর্কিত সংবাদ