Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার এই ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এবং এখনো পর্যন্ত ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫, নিখোঁজ ৪১
  • ২ আগস্ট, ২০২৬ ১৬:৪৭
Prefer us on Google

জাকার্তা, ২ আগস্ট: ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার এই ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এবং এখনো পর্যন্ত ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে সমুদ্রজুড়ে জোরকদমে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে দেশের জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। 

Advertisement

প্রথমিক তথ্য অনুযায়ী, ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। অগ্নিকাণ্ডের পর বিকেল পর্যন্ত অন্তত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বাকি যাত্রীদের সন্ধানে একাধিক উদ্ধারকারী জাহাজ ও নৌকা মোতায়েন করা হয়েছে। ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া বন্দর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রাপথে জাভার উত্তর-পূর্ব উপকূলের অদূরে মাদুরা দ্বীপের কাছে ফেরিটিতে হঠাৎ আগুন ধরে যায়। নিমেষের মধ্যে সেই আগুন মারাত্মক রূপ নেয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ এখনো যানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। গত বছর জুলাই মাসে উত্তর সুলাওয়েসি প্রদেশের উপকূলে  একটি যাত্রীবাহী জাহাজে আগুন লেগে অন্তত তিনজন নিহত হন। ওই জাহাজে প্রায় ২৮০ জন যাত্রী ছিলেন। এরও আগে ২০২১ সালের মে মাসে মোলুক্কা সাগরে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় স্থানীয় জেলেদের সহায়তা এবং উদ্ধারকারী বাহিনীর তৎপরতায় ১৮১ জন যাত্রী ও ১৪ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। ওই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।  

সমগ্র ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। তাই নৌপথ খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবহন মাধ্যম সেখানে। তবে নিরাপত্তা ত্রুটি, অতিরিক্ত যাত্রী বহন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে মাঝেমধ্যেই নৌ-দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমান দুর্ঘটনার পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ