Bartaman Logo
৫ জুন, ২০২৬

বিহারে বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫ রোগী

বিহারের মুজাফ্ফরপুরের বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ রোগী নিহত। রাধা দেবীর তৎপরতায় রক্ষা পেয়েছেন অনেকে। বিস্তারিত পড়ুন।

বিহারে বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫ রোগী
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০

পাটনা: বিহারের মুজাফ্ফরপুরের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত অন্তত ৫জন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৩টে নাগাদ হাসপাতালে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আইসিইউ ইউনিট। হাসপাতালে চিকিৎসাধীন রাধা দেবী নামের এক ৯৫ বছরের বৃদ্ধার তৎপরতায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। দমকল পৌঁছে আইসিইউ থেকে ১৫-২০ জন রোগীকে বের করে আনে। তাঁদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisement

প্রাথমিক তদন্তে অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগে। আইসিইউ ইউনিটে পোড়া গন্ধ পেয়ে তৎপর হয়ে ওঠেন রাধাদেবী। টের পান কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে আইসিইউ। সঙ্গে সঙ্গে অসুস্থ শরীরেই অক্সিজেনের মাস্ক খুলে কোনোমতে বাইরে বেরিয়ে নিরাপত্তাকর্মীকে আগুন লাগার কথা জানান তিনি। এরপরই দমকলের কাছে খবর পৌঁছয়।  দমকল আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আইসিইউ। কিন্তু সেখানে হাসপাতালের কোনো কর্মীর দেখা মেলেনি। দমকল কর্মীরাই রোগীদের বের করে নিয়ে আসেন। রাধা দেবীর এই তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, রাধা দেবী না থাকলে ক্ষয়ক্ষতি ও মৃতের সংখ্যা বাড়তে পারত। এই অগ্নিকাণ্ডের ঘটনা ফের একবার হাসপাতালে রোগীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। যথেষ্ট অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও হাসপাতাল থেকে রোগীদের বের করে আনার ব্যবস্থা ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এই অগ্নিকাণ্ডকে ‘মর্মান্তিক’ বলে মন্তব্য করে নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।  হাসপাতালের বাইরে উদ্বিগ্ন  পরিজনরা। পিটিআই

সম্পর্কিত সংবাদ