সংবাদদাতা, বসিরহাট: গভীর নিম্নচাপের বৃষ্টির প্রভাবে নদীবাঁধে ভয়াবহ ধস। সোমবার রাতে সন্দেশখালির আতাপুর তালতলার কাছারিপাড়ায় কলাগাছি নদীর বাঁধে প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে ধস নামে। এতে বিপদের আশঙ্কা করছেন বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে সেচদপ্তর। গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধির জেরে এই বিপত্তি বলে মনে করছে প্রশাসন। ধসের জন্য বাঁধের একটা বড় অংশ দুর্বল হয়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, নদীতে জোয়ারের জল বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধে আরও ভাঙন ধরতে পারে। পরিস্থিতি আরও খারাপ হলে নদীর জল লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কাও করছেন অনেকে। ফলে বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। এদিকে, বাঁধে ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেচদপ্তরের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে মাটি ও অন্যান্য সামগ্রী দিয়ে বাঁধকে শক্ত করার চেষ্টা চলছে, যাতে জোয়ারের জল কোনওভাবেই বাঁধ টপকে বা ভাঙা অংশ দিয়ে গ্রামে ঢুকতে না পারে।স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষা ও নিম্নচাপের সময় নদীবাঁধের উপর জল ও স্রোতের চাপ বেড়ে যায়। তাই শুধু সাময়িক মেরামতি নয়, স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরির ব্যবস্থা করা হোক। তবে এই মুহূর্তে সেচদপ্তরের তৎপরতায় মেরামতির কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়। তবে নদীর জলস্তর, জোয়ারের পরিস্থিতি এবং আবহাওয়ার উপর নজর রাখছেন। নিজস্ব চিত্র