নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে যে আন্দোলন দিল্লি সহ দেশজুড়ে শুরু হয়েছে, সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেওয়া হল কলকাতার এক সম্মেলনে। রবিবার মৌলালি যুবকেন্দ্রে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ভারত জোড়ো অভিযানের পক্ষ থেকে জানানো হয় আমাদের মূল বিষয়বস্তু হল, বিপন্ন সংসদীয় গণতন্ত্র-বিপন্ন দেশ: পথের সন্ধান। এই সম্মেলনে হাজির ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি থেকে, সুপ্রিম কোর্টের আইনজীবী, সমাজকর্মী এবং অন্য বিশিষ্ট ব্যক্তিত্ব। গণতন্ত্রকে বাঁচাতে লড়াইয়ের ডাক দেন সকলে। এই মঞ্চে দেখা গিয়েছে মমতাপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাশে বসে হাতে হাত রেখেছেন সিপিএমের প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। ঠিক তাঁদের পাশেই বসেছিলেন কংগ্রেস নেতা তথা অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু।
সৌগত রায়ের কথায়, জনগণের আন্দোলনের মধ্যে দিয়েই পদ থেকে সরে যেতে হবে জ্ঞানেশ কুমারকে। আর জনগণের আন্দোলনই পারবে বিজেপিকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে। বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, জ্ঞানেশ কুমারের পদত্যাগের সঙ্গে যে নির্বাচনি পদ্ধতি বা ব্যবস্থাপনা তৈরি হয়েছে, সেটা ভাঙতে হবে। কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসু বলেন, এসআইআর সম্পর্কে যে তথ্য সামনে এসেছে, তাতে বিজেপি অনৈতিক কাজ না করলে ওদের ৮২টি আসনে পরাজয় নিশ্চিত ছিল। বিজেপি কোনোভাবেই সরকার গঠন করতে পারত না।
এই সম্মেলনে হাজির হয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি অভয় থিপসে, সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ, রাজনৈতিক ভাষ্যকার অপূর্বানন্দ ঝা প্রমুখ বক্তব্য রাখেন। তাঁদের সকলের বক্তব্যেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ পেয়েছে। সম্মেলনটি পরিচালনা করেন রাজনৈতিক কর্মী বর্ণালী মুখোপাধ্যায়।- নিজস্ব চিত্র



