Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের শাস্তির দাবি তুললেন শহীদের মা

পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের শাস্তির দাবি তুললেন শহীদের মা
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিরাপত্তা নিয়ে একঝাঁক প্রশ্ন ছুড়ে দিলেন শহীদ জওয়ান বাবলু সাঁতরার মা।  

Advertisement

৬ বছর আগে লোকসভা নির্বাচনের আগে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪৯ জন জওয়ান। সেই তালিকায় নাম ছিল উলুবেড়িয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের চককাশির বাসিন্দা বাবলু সাঁতরার। তাঁর মা বনমালা সাঁতরার বুকে সেই ক্ষত এখনও টাটকা। পহেলগাঁওয়ের ঘটনার কথা শোনার পর থেকেই ভারাক্রান্ত তাঁর মন। কাশ্মীরের নিরাপত্তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন শহীদের মা। সোমবার বাড়িতে বসেই বনমালাদেবী বলেন, ৬ বছর আগে টিভিতে রাত ১০টার খবর দেখে ছেলের কনভয়ে জঙ্গি হামলার কথা জানতে পেরেছিলাম। এবারও রাতে টিভির খবরে পহেলগাঁওয়ের ঘটনা জানতে পারি। এখনও খাওয়ার সময়, ঘুমনোর সময় ছেলের কথা মনে পড়ে। পহেলগাঁওয়ে নিরীহ মানুষদের খুন করা হয়েছে। তাঁরা কী অপরাধ করেছিলেন? শুধুই তো বেড়াতে গিয়েছিলেন! এটা মেনে নেওয়া যায় না। ওই জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বনমালাদেবী বলেন, দেশ যাতে ভালো থাকে, তা দেখতে হবে সরকারকে। দেশ ভালো থাকলে, আমরাও ভালো থাকব। আর দেশকে ভালো রাখতে হলে সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তার দিকটিও সরকারকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানান শহীদের মা।

সম্পর্কিত সংবাদ