সংবাদদাতা, ময়নাগুড়ি: সোশ্যাল মিডিয়া থেকে প্রেম তারপর বিয়ে। কিন্তু তারপরই সামনে এল স্বামীর আসল রূপ। ৩ লক্ষ টাকা পণ দিতে হবে, না হলে গর্ভের সন্তান নষ্ট করে দিতে হবে এমনই দাবি করে অভিযুক্ত স্বামী। এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তের সঙ্গে পরিচয় গড়ে ওঠে ওই মহিলার। অভিযুক্ত সেনা কর্মী বলে জানায়। ধীরে ধীরে ঘনিষ্টতা বাড়তে থাকে দুজনের মধ্যে। পরবর্তীতে তাঁরা দুজনে বিয়েও করেন। কিন্তু বিয়ের পরই যৌতুকের দাবিতে মহিলার উপর শুরু হয় অকথ্য অত্যাচার। এরপর মহিলা জানতে পারেন তাঁর স্বামী আগে থেকেই বিবাহিত এবং দুটি সন্তানও রয়েছে। এছাড়াও বেশ কিছু মহিলার সঙ্গে পরকিয়ার সম্পর্কও রয়েছে। কয়েকমাস আগে একজন মহিলা বাড়ির সামনে ধর্নাও দিয়েছিল বলে অভিযোগ। এরপরই ময়নাগুড়ি পুলিশের দ্বারস্থ হন অভিযুক্তের স্ত্রী। স্বামীর কঠোরতম শাস্তির দাবি জানান গৃহবধূ। অন্যদিকে, অভিযুক্ত নিজের উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তিনি ভিন রাজ্যের একটি কোম্পানিতে কর্মরত বলে জানিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। বিষয়টি খতিয়ে দেখছে ময়নাগুড়ি থানার পুলিশ।