রায়পুর: হাতে মাত্র দু’দিন। ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এর মধ্যেই ছত্তিশগড়ের সুকমায় বড়সড় সাফল্য মিলল। পোলামপাল্লিতে পাহাড়ি জঙ্গলে রবিবার পুলিশের গুলিতে নিকেশ হলেন মাওবাদী নেতা মুচাকি কৈলাস। মাওবাদীদের ৩১ নম্বর প্ল্যাটুনের সেকশন কমান্ডার কৈলাসের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে রবিবার ভোর থেকে পোলামপাল্লিতে অভিযান শুরু করে পুলিশের বিশেষ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। সুকমার পুলিশ সুপার কিরণ চ্যবণ বলেন, ‘উলটো দিক থেকে গুলি চালানো বন্ধ হতেই ঘটনাস্থল থেকে মুচাকি কৈলাসের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র।’ পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষকে খুন, মাটিতে আইইডি পুঁতে রাখা এবং পুলিশের উপর হামলার অভিযোগ রয়েছে মুচাকির বিরুদ্ধে।



