Bartaman Logo
৯ জুন, ২০২৬

ঝাড়খণ্ডে খতম মাওবাদী কমান্ডার, মৃত্যু সিআরপিএফ জওয়ান ও ১ গ্রামবাসীরও

মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ে রক্তাক্ত ঝাড়খণ্ড। বড়সড় অভিযান চালিয়ে মাওবাদীদের এক কমান্ডারকে খতম করল সিআরপিএফ।

ঝাড়খণ্ডে খতম মাওবাদী কমান্ডার, মৃত্যু সিআরপিএফ জওয়ান ও ১ গ্রামবাসীরও
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ে রক্তাক্ত ঝাড়খণ্ড। বড়সড় অভিযান চালিয়ে মাওবাদীদের এক কমান্ডারকে খতম করল সিআরপিএফ। তার মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। বুধবারের সংঘর্ষে শহিদ হয়েছেন এক সিআরপিএফ জওয়ানও। তাঁর নাম প্রাণেশ্বর কোচ। বাড়ি অসমের কোকরাঝাড়ে। তিনি সিআরপিএফের এলিট ইউনিট কোবরা-২০৯ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। দু’পক্ষের গুলির লড়াইয়ের মধ্যে পড়ে গ্রামের এক বাসিন্দারও মৃত্যু হয়েছে। 

Advertisement

পুলিস জানিয়েছে, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ শুরু হয় সংঘর্ষ। বোকারো জেলার বীরহোরডেরার জঙ্গলে মাওবাদীদের গতিবিধি টের পেয়ে অভিযানে নামে সিআরপিএফ ও জেলা পুলিস। তল্লাশি অভিযান চলার সময় আচমকাই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। তাদের পাল্টা জবাব দেন জওয়ানরা। তাঁদের গুলিতে মৃত্যু হয় মাওবাদীদের সাব-জোনাল কমান্ডারের। তার নাম কুনওয়ার মাজি ওরফে সহদেও। ঘটনাস্থলে থেকে একটি একে-৪৭ বন্দুক সহ অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে বাহিনী। ওই এলাকায় মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি জারি রয়েছে। এদিন গুলির লড়াইয়ে মারাত্মক জখম হন প্রাণেশ্বর কোচ। রাঁচির  হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জওয়ানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অপরদিকে নিহত গ্রামবাসীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।  শহিদ প্রাণেশ্বর কোচ। 

সম্পর্কিত সংবাদ