Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬

২০১৩ সালে বস্তারে কংগ্রেসের যাত্রায় মাও-হামলা, দোষী ১০

২০১৩ সালে ছত্তিশগড়ের বস্তার জেলার ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৯ জন। সেই ঘটনায় ১০ জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ এনআইএ আদালত।

২০১৩ সালে বস্তারে কংগ্রেসের যাত্রায় মাও-হামলা, দোষী ১০
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাইপুর: ২০১৩ সালে ছত্তিশগড়ের বস্তার জেলার ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৯ জন। সেই ঘটনায় ১০ জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ এনআইএ আদালত। কংগ্রেসের পরিবর্তন যাত্রা চলাকালীন ওই হামলা হয়। কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তৎকালীন রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একটি বড়ো অংশ। শনিবার জগদলপুরের বিশেষ এনআইএ আদালতের বিচারক অভয় সিং রাজপুত ১০ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। তাঁদের মধ্যে দু’জন মহিলা। দোষীদের সাজা ঘোষণা হবে আগামী ১৬ সেপ্টেম্বর। 

Advertisement

২০১৩ সালে ওই ঘটনার পর প্রথমে বস্তার পুলিশ মামলা দায়ের করেছিল। পরে তদন্তভার এনআইএর-র হাতে যায়। গত ৩১ আগস্ট এই মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু পরে আদালত রায় ঘোষণার দিন পিছিয়ে ৫ সেপ্টেম্বর করে। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল অভিযোগ করেছেন, এনআইএ তদন্তের সময় বেশ কিছু তথ্য গোপন করেছে। রাজ্যের কংগ্রেস সরকারকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বাধা দেওয়া হয়েছে। তাঁর আরও অভিযোগ, তৎকালীন বিজেপি সরকার কংগ্রেস নেতাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি। সেই কারণেই মাওবাদীরা এত বড়ো হামলা চালানোর সুযোগ পেয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিং এই অভিযোগ উড়িয়ে কটাক্ষের সুরে বলেছেন,‘ভূপেশ এই মামলা নিয়ে আদৌ ভাবছেন না। উনি বিষয়টি নিয়ে রাজনীতিই করতে চান।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ