Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে অথৈ জলে বহু মহিলা, দায় নিচ্ছে না কেউ, প্রথম মাসে পেলেও এ মাসে পাননি অন্নপূর্ণার টাকা

মুর্শিদাবাদের মহিলারা অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন না। প্রশাসনের উদাসীনতায় বিক্ষোভ চলছে। বিস্তারিত পড়ুন।

মুর্শিদাবাদে অথৈ জলে বহু মহিলা, দায় নিচ্ছে না কেউ, প্রথম মাসে পেলেও এ মাসে পাননি অন্নপূর্ণার টাকা
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল আবেদনের মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে। অভাবের সংসারে নতুন সরকারের অন্নপূর্ণা যোজনার সেই টাকা দেখে চোখে জল এসেছিল মুর্শিদাবাদের সূতির মহিশাইল ১ গ্রাম পঞ্চায়েতের কয়াডাঙার বাসিন্দা গৌরী দাসের। কিন্তু সেই আনন্দ যে এমন দীর্ঘস্থায়ী মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে, তা ভাবতেও পারেননি তিনি। পরবর্তী কিস্তির টাকা পেতে এখন পঞ্চায়েত থেকে বিডিও অফিস, দরজায় দরজায় ঘুরছেন ওই প্রৌঢ়া। একইরকম ফাঁপড়ে পড়েছেন সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের বহু উপভোক্তাও। টাকা না পেয়ে দিনকয়েক আগে সামশেরগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভও দেখিয়েছেন মহিলারা। মঙ্গলবার দুপুরে জঙ্গিপুর পুরসভায় কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়েন ক্ষুব্ধ মহিলারা।

Advertisement

গৌরীদেবী আগে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। সরকার বদলের পর গত ২ জুন তিনি অফলাইনে অন্নপূর্ণা যোজনায় আবেদন জানান। ম্যাজিকের মতো পরদিনই তাঁর অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা চলে আসে। কিন্তু গোল বাধল এর পরেই। আইসিডিএস কর্মীরা তাঁকে জানান, এবার অনলাইনে নতুন করে আবেদন করতে হবে। সেই মতো সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম আপলোড করতে গেলেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠছে অলরেডি রেজিস্টার্ড বা ইতিমধ্যে নথিভুক্ত। অন্য ক্যাফেতে গিয়েও একই অভিজ্ঞতা। অথচ এক সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যাঙ্কে দ্বিতীয় কিস্তির টাকা আসেনি। মহিশাইল ১ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এ নিয়ে হাত ধুয়ে ফেলেছে। সূতি ২ ব্লক প্রশাসনের বক্তব্য, বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য এই মুহূর্তে তাদের কাছে নেই। কী করে নাম নথিভুক্ত হল, তা তদন্তের পরই বলা সম্ভব। ফলে আপাতত কোনো সমাধান নেই। হতাশ গৌরীদেবীর আকুল আকুতি, শুনছি বহরমপুরে আসছেন মুখ্যমন্ত্রী। একবার সুযোগ পেলে তাঁকেই গিয়ে সব জানাতাম।
একই পরিস্থিতি সামশেরগঞ্জেও। সেখানেও অফলাইনে আবেদনের পর প্রথম কিস্তি মিললেও, অনলাইন জটিলতায় আটকে দ্বিতীয় দফার টাকা। ক্ষুব্ধ উপভোক্তাদের প্রশ্ন, অফলাইনে নাম নথিভুক্ত থাকলে অনলাইনে কেন অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে? আর যদি দেখায়, তবে টাকা মিলছে না কেন? জঙ্গিপুর শহরে একবারও টাকা না পেয়ে পুরসভা অফিসে এসে কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। সরকারি পোর্টালের এই যান্ত্রিক গোলযোগ ও প্রশাসনের উদাসীনতায় আপাতত অথৈ জলে মুর্শিদাবাদের হাজার হাজার ‘অন্নপূর্ণা’।

Advertisement
সম্পর্কিত সংবাদ