Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জগন্নাথ মন্দির দেখতে কালনার প্রচুর মহিলা সরকারি বাসে যাচ্ছেন দীঘা

কালনা থেকে দীঘায় মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত শুরু হয়েছে। জগন্নাথ মন্দির দর্শনের জন্য যাত্রী সংখ্যা বেড়েছে। বিস্তারিত পড়ুন।

জগন্নাথ মন্দির দেখতে কালনার প্রচুর মহিলা সরকারি বাসে যাচ্ছেন দীঘা
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: যুবসাথীর টাকা পেয়ে অনেকেই নরেন্দ্র মোদির ব্রিগেডের জনসভায় গিয়েছিলেন। বহু যুবকের সেই বক্তব্য ভাইরাল হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিনা ভাড়ার সরকারি বাসে চেপে মহিলারা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি জগন্নাথ মন্দির দর্শন করতে। কালনার মহিলাদের রীতিমতো দীঘা যাওয়ার ধুম পড়ে গিয়েছে। সঙ্গে যাচ্ছেন বাড়ির পুরুষরাও। ফলে কালনা-দীঘা রুটের বাসে ভিড় হচ্ছে বেশ ভালোই। গত ১জুন থেকে সরকারি বাসে যাতায়াতে মহিলাদের ভাড়া দিতে হচ্ছে না। সরকারি ঘোষণার পরই কালনা থেকে দীঘাগামী বাসে মহিলা যাত্রীর সংখ্যা হু হু করে বাড়ছে। তবে, কালনা থেকে সরাসরি কলকাতা, ব্যান্ডেল, দুর্গাপুর ও কাটোয়া যাওয়ার বাস না থাকায় মহিলারা হতাশ। কলকাতা যাওয়ার জন্য ঘুরপথে বর্ধমান হয়ে যেতে হয়। কালনা থেকে সরাসরি কলকাতা ও অন্যান্য রুটে বাস পরিষেবা চালুর দাবি তুলেছেন তাঁরা। কালনার এসবিএসটিসি বাস ডিপো থেকে প্রতিদিন বালুরঘাট, গঙ্গারামপুর, সোনামুখী, বর্ধমান, কলকাতা(ভায়া বর্ধমান), দীঘা প্রভৃতি ৯টি রুটে প্রতিদিন ১৯টি বাস যাতায়াত করে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহিলাদের সরকারি বাসে যাতায়াতে কোনও ভাড়া লাগবে না ঘোষণা করেন। তাঁর এই ঘোষণায় মহিলা যাত্রীরা খুশি। কালনা থেকে দীঘা যাওয়ার সরকারি বাস পরিষেবা থাকলেও এতদিন তেমন যাত্রী হত না। ১জুন থেকে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত ঘোষণা হতেই কালনা থেকে প্রতিদিন দীঘাগামী বাসে মহিলা যাত্রীদের ভিড় বাড়ছে। তবে, মহিলাদের সঙ্গে পরিবারের পুরুষরাও যাওয়ায় প্রতিদিন বাসে টিকিট বিক্রি বেড়েছে। কালনা থেকে ভোরে দু’টি বাস দীঘা যাতায়াত করে। একটি ভোর ৪টে ২০মিনিটে ছেড়ে দুপুর দেড়টা নাগাদ দীঘা পৌঁছায়। আর একটি বাস ভোর সাড়ে ৫টায় ছেড়ে বিকেল সাড়ে ৩টে নাগাদ দীঘা পৌঁছায়। একইভাবে দু’টি বাস দীঘা থেকে বর্ধমান হয়ে কালনা ফেরে। মহিলা যাত্রী পারমিতা নন্দন, সবিতা কৈবর্ত্য বলেন, সরকারি বাসে মহিলাদের বাস ভাড়া মকুব করায় আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। প্রতি বছরই দীঘা যাই। তবে জগন্নাথ মন্দির হওয়ার পর যাইনি। এখন বিনা ভাড়ায় কালনা থেকেই সরকারি বাসে সরাসরি দীঘা যেতে পারছি। দেখব জগন্নাথ মন্দির। কালনা ডিপোর এক আধিকারিক বলেন, এই ডিপো লোকসানে ধুঁকছিল। এখন প্রায় সমস্ত রুটে যাত্রী সংখ্যা বাড়ছে। দীঘাগামী বাসে আগের তুলনায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়েছে। পুরুষদের তুলনায় মহিলা যাত্রী বেশি হচ্ছে। অন্যান্য রুটের সঙ্গে চারটি বাস দীঘা আসা যাওয়া করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ