নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি দপ্তরের কিছু কর্মী ২০১৬-১৯ সময়ের পঞ্চম বেতন কমিশনের বকেয়া টাকা এখনো পাননি। সুপ্রিম কোর্ট নিযুক্ত মালহোত্রা কমিটিকে রাজ্য সরকার যে রিপোর্ট দিয়েছে তাতেই এই তথ্য রয়েছে। তাতে বলা হয়েছে, মোট ২৫,৯২১ জন কর্মীকে এখনো ২১৫ কোটি ৯১ লক্ষ টাকা দেওয়া হয়নি। ২০১৬-১৯ সময়ে কর্মরতদের মোট ৫,০২৭ কোটি ২৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাঁদের সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৩৬৮। গ্রুপ এ, বি এবং সি কর্মীদের জিপিএফ তহবিলে বকেয়া ডিএ-র টাকা দেওয়া হয়েছে। শুধু গ্রুপ ডি কর্মীরাই তাঁদের স্যালারি অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। কেন কিছু কর্মীকে টাকা দেওয়া যায়নি, তার ব্যাখা দিয়েছে রাজ্য সরকার। এই কর্মীরা এমন জায়গায় ডেপুটেশনে আছেন যা রাজ্য অর্থদপ্তরের নিয়ন্ত্রণাধীন নয়, কিংবা তাঁদের ক্ষেত্রে রয়েছে সার্ভিস রুল সংক্রান্ত আইনি জটিলতা এবং কিছু টেকনিক্যাল সমস্যা। প্রসঙ্গত, সরকারি কর্মীদের সকলের ২০০৮-২০১৫ সময়ের বকেয়া ডিএ বাকি আছে। ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে চারটি কিস্তিতে ওই টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার।



