Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দি মহকুমাজুড়ে ‘পথশ্রী’ ৪ প্রকল্পে বহু রাস্তার কাজ অসমাপ্ত

কোনোটি শিলান্যাস হয়ে রয়েছে। কোনোটির আবার সামান্য কাজ হওয়ার পর বন্ধ রয়েছে। কান্দি মহকুমায় পূর্বতন সরকারের পথশ্রী ৪ প্রকল্পের প্রায় ৪৮টি বড় রাস্তার কাজ এভাবেই থমকে রয়েছে

কান্দি মহকুমাজুড়ে ‘পথশ্রী’ ৪ প্রকল্পে বহু রাস্তার কাজ অসমাপ্ত
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: কোনোটি শিলান্যাস হয়ে রয়েছে। কোনোটির আবার সামান্য কাজ হওয়ার পর বন্ধ রয়েছে। কান্দি মহকুমায় পূর্বতন সরকারের পথশ্রী ৪ প্রকল্পের প্রায় ৪৮টি বড় রাস্তার কাজ এভাবেই থমকে রয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার বাসিন্দারা। এনিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন তাঁরা। ঘটনায় কান্দি মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, রাস্তাগুলির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে আলোচনা হয়েছে। জেলা প্রশাসনের কাছেও এর রির্পোট পাঠান হয়েছে। যাতে দ্রুত সমস্যার সমাধান হয় তার চেষ্টা করা হচ্ছে। কান্দি ব্লকের কুমারসন্দ পঞ্চায়েত এলাকার ডাঙাপাড়া থেকে শোলপাড়া পর্যন্ত এমনই একটি পথশ্রী প্রকল্পের কাজ শিলান্যাসের পর আটকে রয়েছে। একইভাবে ওই ব্লকের বাঘআছড়া থেকে নিমতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার কাজ শুরুর পর আর এগোয়নি। কান্দি শহর লাগোয়া আইন কলেজ থেকে কান্দি সালার রাজ্য সড়ক পর্যন্ত রাস্তার কাজও থমকে রয়েছে। প্রতিঢি রাস্তার জন্য প্রায় ৩০ লক্ষ টাকার উপর বরাদ্দ রয়েছে। কান্দি পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মধাক্ষ্য মোজাম্মেল হক বলেন, ৩০ লক্ষ টাকার উপরে বরাদ্দ পথশ্রী ৪ প্রকল্পে প্রায় আটটি কাজ বন্ধ হয়ে রয়েছে এই ব্লকে। ফলে বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একইভাবে খড়গ্রাম ব্লক এলাকাতেও পথশ্রী ৪ প্রকল্পে প্রায় ১০টি বড় রাস্তার কাজ আটকে রয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। টিঠিডাপা থেকে যাদবপুর পর্যন্ত, পারুলিয়া সাধারণ বিদ্যাভবন থেকে ঘনশ্যামপুর হাই মাদ্রাসা ও ফরাক্কা হলদিয়া বাদশাহী সড়ক থেকে বুধুরাপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা গুলির কাজও থমকে গিয়েছে। বুধুরাপাড়ার বাসিন্দা তাজেমুদ্দিন শেখ বলেন, ভোটের আগে রাস্তার শিলান্যাস হওয়ায় আমাদের মনে আশার আলো জ্বালিয়েছিল। কিন্তু এখন দেখছি আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল। স্থানীয় জেলা পরিষদ সদস্য তৃণমূলের শাশ্বত্ব মুখোপাধ্যায় বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট সরকারের নয়, উন্নয়ন মানুষের। পূর্বতন সরকারের সময়ে পথশ্রী ৪ এর মাধ্যমে যে গ্রামীণ সড়ক নির্মাণের স্বপ্ন দেখানো হয়েছিল প্রশাসনিক জটিলতায় তা আজ থমকে আছে। আমরা আশাবাদী বর্তমান সরকার অতীতের এই অসমাপ্ত কাজগুলিকে অগ্রাধিকার দিয়ে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে পুনরায় সচল করবে। এদিকে বড়ঞা ব্লক এলাকার অন্তত নয়টি বড় রাস্তার কাজ আটকে রয়েছে বলে দাবি। একইভাবে ভরতপুর ১ ও ২ ব্লক এলাকার অতি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ থমকে রয়েছে। সব মিলিয়ে কান্দি মহকুমার পাঁচটি ব্লক এলাকায় প্রায় ৪৮টি বড় রাস্তার কাজ থমকে রয়েছে। যা নিয়ে চরম ভোগান্তির কথা জানিয়েছেন বাসিন্দারা। কুমারসন্দ গ্রামের আব্বাস উদ্দিন বলেন, বহুবছর বাদে আমাদের গ্রামের রাস্তার কাজ শুরু হলেও ঠিকাদার কাজ বন্ধ করে চলে গিয়েছেন। ফলে আমাদের দুর্ভোগের শেষ নেই। প্রশাসনের কাছে দরবার করেও কোনো সুরাহা হয়নি। অথচ রাস্তার কাজ সম্পূর্ণ হলে এলাকার অন্তত ৫ হাজার বাসিন্দা উপকূত হতেন। ঠিকাদার তন্ময় ঘোষ বলেন, নতুন সরকার আসার পর পথশ্রী ৪ প্রকল্পে কাজ করার পরেও পেমেন্ট হচ্ছে না। তাই আমরা অর্থ লগ্নি করে কোনোরকম ঝুঁকি নিতে চাইছি না। অর্থ বরাদ্দ না হওয়ার জন্য এখানে ছোট হোক বা বড়, পথশ্রী ৪ প্রকল্পে কোনো ঠিকাদার রাস্তার কাজ করতে চাইছেন না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ