সংবাদদাতা, মানকর: দিনদুয়েক আগে আউশগ্রামের মিরশা, বাদড়াই সহ একাধিক জায়গায় ধানজমিতে কুনুর নদীর জল ঢুকতে শুরু করেছিল। বৃহস্পতিবার সেই জল আরও বেড়েছে। এলাকার চাষিরা জানান, দ্রুত জল না কমলে সমস্ত ধানগাছ পচে মরে যাবে। সেক্ষেত্রে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিরশা, ওয়ারিশপুর সহ একাধিক গ্রাম দিয়ে বয়ে গিয়েছে কুনুর নদী। নদীতে জল বাড়লেই এখানকার বেশকিছু গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবার এখনও পর্যন্ত গ্রামে জল না ঢুকলেও ধানজমি জলের তলায় চলে গিয়েছে। এলাকার চাষিদের মাথায় হাত পড়েছে। গ্রামের বাসিন্দা সন্দীপকুমার মণ্ডল বলেন, নদী সংলগ্ন আমার সাড়ে পাঁচ বিঘা জমি জলের তলায়। ধান চাষ করেই মহাজনের ঋণ, ব্যাঙ্কের লোন শোধ করি। কিন্তু এবার যা পরিস্থিতি তাতে ফলন হবে না। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে আমাদের। কীভাবে এর মোকাবিলা করব বুঝতে পারছি না। এলাকার চাষি প্রশান্ত মণ্ডল, সুবোধ লাহা বলেন, আমাদের এখানে ধানই মূল ফসল। কিন্তু যেভাবে ধানজমি জলের তলায় রয়েছে তাতে পচে যাওয়ার আশঙ্কা করছি। কীভাবে ধারদেনা মেটাব বুঝে উঠতে পারছি না।
চাষিরা জানান, ধান বিক্রি করে ধারদেনা মিটিয়ে হাতে সামান্য টাকা থাকে। কিন্তু এবার সেই পরিস্থিতিও নেই। দিন কুড়ি আগে চারা রোপণ করা হয়েছিল। এখন ওই ধান পচে গেলে চাষিদের কিছু করার নেই। কারণ আর বীজ হাতে নেই। ফলে জমি পড়ে থাকবে। আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝি বলেন, পরিস্থিতির দিকে নজর রাখছি। কয়েকজন চাষি যোগাযোগ করেছিলেন। তাঁদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।