বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেসিপি -র মাস্টারমাইন্ড হাওবিজাম দিলীপ সিংকে রাজধানী দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল, মণিপুর পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই জঙ্গিনেতাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হাওবিজামের বিরুদ্ধে বহু মামলা রয়েছে। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। একটি গোপন বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসেছিল হাওবিজাম। গোয়েন্দা খবরের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ২০২৩ সালে মণিপুরে হিংসার ঘটনার পর থেকে কুকি অধ্যুষিত খোদাং গ্রামের বাসিন্দারা ভিটেমাটি ছেড়ে গৃহহীন হয়ে পড়েন। বিভিন্ন আশ্রয় শিবিরে গত তিন বছর কাটানোর পর বৃহস্পতিবার নিজ নিজ বাড়ি ফিরলেন বাসিন্দারা। এলাকার বাসিন্দা জাম্মিনলিয়েন হাওকিপ জানান, বাড়ি ফিরতে পেরে খুশী আমরা। তিন বছর পর স্বাভাবিক জীবনে ফিরব, কাজে ফিরব। রুটিরুজির পথ খুলবে আমাদের।