Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জোড়া রেকর্ড ভেঙে আপ্লুত মান্ধানা

মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানের বিচারে মিতালি রাজকে টপকে গিয়েছেন স্মৃতি মান্ধানা। পাশাপাশি সর্বাধিক শতরানে পিছনে ফেলেছেন মেগ ল্যানিংকে।

জোড়া রেকর্ড ভেঙে আপ্লুত মান্ধানা
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানের বিচারে মিতালি রাজকে টপকে গিয়েছেন স্মৃতি মান্ধানা। পাশাপাশি সর্বাধিক শতরানে পিছনে ফেলেছেন মেগ ল্যানিংকে। বৃহস্পতিবার এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করার পথে জোড়া রেকর্ড গড়েছেন বাঁ হাতি ভারতীয় ওপেনার। ৬৪ বলে তাঁর ১২৪ রানের ইনিংসের সুবাদে সেমি-ফাইনালেও জায়গা নিশ্চিত হয়েছে ভারতের।

Advertisement

এই আবহেই মিতালিকে (১০,৮৬৮) রানের সংখ্যায় টপকে যাওয়ার ব্যাপারে আবেগপ্রবণ স্মৃতি। তাঁর ঝুলিতে আপাতত ১০ হাজার ৮৮০ রান। স্মৃতির কথায়, ‘ব্যাট করার সময় রেকর্ডের ব্যাপারে ধারণা ছিল না। এখন মনে হচ্ছে, দিনটা ভারতীয় ক্রিকেটের পক্ষে দারুণ কাটল। মিতালিদি একজন কিংবদন্তি। রোল মডেলও। আমরা সকলেই ওকে ব্যাট করতে দেখে বড়ো হয়েছি। মোট রানে মিতালিদিকে পিছনে ফেলা সেজন্যই আবেগপ্রবণ করে তুলছে। কখনওই এমনটা কল্পনা করিনি। তবে খুশি যে দু’জন ভারতীয় মোট রানের তালিকায় উপরে রয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে স্মৃতির শতরানের সংখ্যা এখন ১৮। এরমধ্যে একদিনের ঘরানায় আছে ১৪টা সেঞ্চুরি। টেস্ট ও টি-২০ ফরম্যাটের প্রতিটিতেই সংখ্যাটা দুই। অন্যদিকে, মেগ ল্যানিং ও লরা উলভার্ট— দু’জনেরই আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ১৭টা সেঞ্চুরি। ৩০ বছর বয়সির মজার সুরে মন্তব্য, ‘১৮ সংখ্যাটা বেশ ভালো, তাই না?’ এরপর স্মৃতি বলেন, ‘ল্যানিং ও মিতালিদি হল মহিলাদের ক্রিকেটের লেজেন্ড। বড়ো হওয়ার দিনগুলোতে ওদের থেকে প্রতিনিয়ত শিখেছি। তাই দু’জনকেই পিছনে ফেলে আনন্দিত। তবে এটা সবে শুরু। আরও অনেক পথ এগতে হবে।’
দুবাইয়ের প্রচণ্ড গরমে প্রায় দেড় ঘণ্টা ব্যাট করতে হয়েছিল মান্ধানাকে। তাঁর ইনিংস সাজানো ১৪টি চার ও ৭টি ছক্কায়। ৯৮ রান আসে বাউন্ডারিতে। ফলে মাত্র ২৬ রান দৌড়ে নিতে হয় টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেনকে। স্মৃতির মতে, ‘দমবন্ধ করা ভ্যাপসা গরমে ব্যাট করেছি। এখানকার গরম ও আর্দ্রতায় কাজটা রীতিমতো কঠিন। তবে আমি ভাগ্যবান যে, বেশ কয়েকটা চার-ছক্কা মেরেছিলাম। ফলে খুচরো রানের জন্য বেশি দৌড়াতে হয়নি। না হলে অসুবিধা হত। ’

Advertisement
সম্পর্কিত সংবাদ