Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

রবি ঠাকুরের ‘হাট’ কবিতার ভাবনায় মণ্ডপ বারোবিশা সুভাষপল্লি ইউনিটে, স্বামীনারায়ণ মন্দির দেখা যাবে কামাখ্যাগুড়ির হরিবাড়ি প্রাঙ্গণে

শৈশবের নস্টালজিয়া আর গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে এক সুতোয় বাঁধতে চলেছে কুমারগ্রাম ব্লকের বারোবিশা সুভাষপল্লি ইউনিট

রবি ঠাকুরের ‘হাট’ কবিতার ভাবনায় মণ্ডপ বারোবিশা সুভাষপল্লি ইউনিটে, স্বামীনারায়ণ মন্দির দেখা যাবে কামাখ্যাগুড়ির হরিবাড়ি প্রাঙ্গণে
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাবুল সরকার, কুমারগ্রাম: শৈশবের নস্টালজিয়া আর গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে এক সুতোয় বাঁধতে চলেছে কুমারগ্রাম ব্লকের বারোবিশা সুভাষপল্লি ইউনিট। চলতি বছর তাদের ৪৪তম বর্ষের দুর্গাপুজোর মূল আকর্ষণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘হাট’ কবিতার ভাবনায় নির্মিত থিম প্যান্ডেল ‘কুমোর পাড়ার গোরুর গাড়ি। এই অনন্য মণ্ডপসজ্জায় যেমন থাকবে মাটির গন্ধ আর গ্রামীণ জীবনের ছোঁয়া, তেমনই এটি নতুন প্রজন্মের শিশুদের জন্য হতে চলেছে এক নতুন অভিজ্ঞতা। বয়স্কদেরও এই থিম ফিরিয়ে নিয়ে যাবে ফেলে আসা সোনাঝরা শৈশবের স্মৃতিতে। প্যান্ডেলের থিমের পাশাপাশি দর্শনার্থীদের নজর কাড়বে কুমোরটুলির বিশিষ্ট শিল্পীদের গড়া প্রতিমা এবং আধুনিক আলোকসজ্জা। 

Advertisement

প্রতিবারের মতো এবারও মহাঅষ্টমীর দিন পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ। ইতিমধ্যেই প্যান্ডেল নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পুজো কমিটির কর্মকর্তা তাপস সাহা জানিয়েছেন, দর্শনার্থীদের এক ভিন্নধর্মী ও স্মরণীয় গ্রামীণ আবহ উপহার দিতে জোরকদমে প্রস্তুতি চলছে। হাতে বাকি মাত্র কয়েকদিন। তারপরই শুরু হবে আনন্দের আবহ। সব মিলিয়ে, ঐতিহ্য ও নস্টালজিয়ার মেলবন্ধনে এবার বারোবিশার পুজো মণ্ডপে উপচে পড়া ভিড়ের আশায় আয়োজকরা। 
জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির হরিবাড়ি কমিটির দুর্গাপুজো। দেখতে দেখতে এবার ১০৯তম বর্ষে পদার্পণ করল এই পুজো। প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ চমক। আমেরিকার বিখ্যাত স্বামীনারায়ণ মন্দিরের আদলে গড়ে তোলা হচ্ছে পুজোমণ্ডপ। পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, মণ্ডপসজ্জার পাশাপাশি আলোকসজ্জাতেও আনা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। এছাড়া পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হচ্ছে, যা উত্তরবঙ্গের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে। মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে মেলার আয়োজন— সব মিলিয়ে এখন কামাখ্যাগুড়ির হরিবাড়ি প্রাঙ্গণে প্রস্তুতি চলছে জোরকদমে। পুজো কমিটির কর্মকর্তা পিনাকী ঘোষ বলেন, ১০৯তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে এবার আমরা দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আলোকসজ্জা এবং মেলাতেও থাকবে বিশেষ আকর্ষণ। আশা করছি, প্রতিবারের মতো এবারও হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে পুজোর ক’দিন। • সুভাষপল্লি ইউনিটের মণ্ডপ তৈরির কাজ চলছে। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ