লন্ডন: গত ম্যাচেই চুলের নতুন বাহারে সকলকে চমকে দিয়েছিলেন আর্লিং হালান্ড। তবে দলের জয়ে অবদান রাখতে না পারায় শুনতে হয়েছিল নানা টিপ্পনি। শুক্রবার অবশ্য স্বমহিমায় ধরা দিলেন নরওয়ের তারকা। প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। জোড়া গোল হালান্ডের। এছাড়া দু’বার প্রতিপক্ষের জাল কাঁপান রায়ান চেরকি। এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে শীর্ষস্থানে উঠে এল সিটিজেনরা। লিগের অপর ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করল লিভারপুল। আদোনি ইরাওলার প্রশিক্ষণে লিগের প্রথম দু’টি ম্যাচেই আটকে গেল ‘দ্য রেডস’ ব্রিগেড। শনিবার ম্যাচে দু’বার পিছিয়ে পড়ে সমতায় ফেরে তারা। লিভারপুলের হয়ে জাল কাঁপান আলেকজান্ডার ইসাক ও ভিক্টর মুনোজ।



