


ম্যান সিটি- ৪ : লিভারপুল- ০
ম্যাঞ্চেস্টার: লিগ কাপ জয়ের রেশ বজায় রেখে এফএ কাপের শেষ চারে পৌঁছাল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে লিভারপুলকে চার গোলের মালা পরাল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক আর্লিং হালান্ডের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন আন্তোন সেমেনয়ো। উল্লেখ্য, ম্যাচে ১৬ মিনিটের স্পেলে লিভারপুল রক্ষণকে তছনছ করেন সিটিজেনরা। চলতি মরশুমে এই নিয়ে তৃতীয়বারের জন্য একে অপরের মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ম্যান সিটি। প্রতিবারই শেষ হাসি হাসল সিটিজেনরা।
এদিনের জয়ের সুবাদে এফএ কাপের ইতিহাসে টানা ১৮টি ম্যাচ জিতে মাঠ ছাড়ল নীল ম্যাঞ্চেস্টার। পক্ষান্তরে, এদিনের হারের ফলে আরও চাপ বাড়ল ‘দ্য রেডস’ কোচ আর্নে স্লটের। একেই প্রিমিয়ার লিগ খেতাবি দৌড় থেকে ছিটকে গিয়েছে আনফিল্ডের ক্লাবটি। লিগ কাপের পর এবার এফএ কাপ থেকে বিদায় নিল দল। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগে খারাপ ফল মানেই ট্রফিহীন মরশুম শেষ করতে হবে লিভারপুলকে। সেক্ষেত্রে কোচ বদলের দাবি জোরালো হবে।
দিনের অন্য কোয়ার্টার-ফাইনালে পোর্ট ভ্যালেকে ৭ গোলের মালা পরাল চেলসি। বিজয়ী দলের হয়ে ছ’জন ভিন্ন স্কোরার জাল কাঁপান। এছাড়া একটি গোল আত্মঘাতী।