


লন্ডন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সোনার দৌড় অব্যাহত। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারাল মাইকেল ক্যারিকের দল। ওল্ড ট্রাফোর্ডে শুরুতেই অবশ্য ধাক্কা খায় রেড ডেভিলস। ৪ মিনিটে ল্যাকরোয়িক্সের গোলে এগিয়ে যায় প্যালেস (০-১)। কিন্তু দ্বিতীয়ার্ধে চেনা মেজাজে ফেরে ম্যাঞ্চেস্টার। ৫৬ মিনিটে স্কোরার ল্যাকরোয়িক্স লাল কার্ড দেখার পর আরও চাপে পড়ে ক্রিস্টাল প্যালেস। ৫৭ মিনিটে স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্ডেজ (১-১)। আট মিনিট পরেই জয়সূচক গোল বেঞ্জামিন সেসকোর (২-১)। টানা দু’টি ম্যাচে জাল কাঁপালেন স্লোভেনিয়ার এই ফুটবলার। ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে ম্যান ইউ।
অন্যদিকে, লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যান সিটি। প্রথমার্ধের সংযোজিত সময়ে একমাত্র গোল সিমেনিওর। ২৮ ম্যাচে সিটির পয়েন্ট ৫৯।