


লন্ডন: মরশুমের মাঝপথে দলের দায়িত্ব নিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভোল বদলে দিয়েছিলেন মাইকেল ক্যারিক। অভিষেকে মর্যাদার ম্যাঞ্চেস্টার ডার্বি জয়ের পাশাপাশি টানা সাত ম্যাচ অপরাজিত থাকে রেড ডেভিলস। এই পর্বে তারা বশ মানায় আর্সেনাল, টটেনহ্যাম, এভার্টনকে। তবে গত ম্যাচে নিউকাসলের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করার ফলে হেরে মাঠ ছাড়েন ব্রুনো ফার্নান্ডেজরা। প্রতিপক্ষ দলে একজন ফুটবলার কম থাকা সত্ত্বেও সেই অ্যাডভান্টেজ কাজে লাগাতে ব্যর্থ মাইকেল ক্যারিকের ছেলেরা। সেই ধাক্কা সামলে ইপিএলে জয়ে ফিরতে মরিয়া ম্যান ইউ। রবিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউয়ের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। উল্লেখ্য, ২৯ ম্যাচে দু’দলের ঝুলিতে রয়েছে ৫১ পয়েন্ট। তবে গোল পার্থক্যের নিরিখে একধাপ এগিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে লাল ম্যাঞ্চেস্টার। পক্ষান্তরে, অ্যাওয়েও ম্যাচে তিন পয়েন্ট চোখ অ্যাস্টন ভিলার। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল উনাই এমেরি ব্রিগেড।
রবিবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই অ্যাস্টন ভিলা। লিগের শেষ চারটি ম্যাচে জয় অধরা তাদের। এর মধ্যে গত ম্যাচে চেলসির কাছে ১-৪ ব্যবধানে বশ মানে এমেরি-ব্রিগেড। তবে ঘরোয়া লিগে খারাপ ফলের ধাক্কা সামলে ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে লিলের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়ে তারা। এবার ইপিএলেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য জর্ডন স্যাঞ্চো-এমিলিয়ানো মার্তিনেজদের।
দিনের অপর ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে লিভারপুল। চলতি মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে দ্য রেডস ব্রিগেড। পয়েন্ট টেবিলেও সেই ছাপ স্পষ্ট। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছেন মো সালাহরা। লিগের শেষ ম্যাচে উলভসের কাছে বশ মানেন তাঁরা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে গালাতাসারের কাছে বশ মেনেছে লিভারপুল। এই জোড়া ধাক্কা সামলে ইপিএলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্নে স্লট ব্রিগেড। বর্তমানে যা পরিস্থিতি, তাতে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট অর্জনের পথ ক্রমশ কঠিন হচ্ছে অ্যানফিল্ডের ক্লাবটির। লিগের বাকি ম্যাচগুলি থেকে যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করাই লক্ষ্য তাদের।