Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকা ধর্ষণে মেসোকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ

স্ত্রীকে খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল আগেই। এ বার শ্যালিকার নাবালিকা মেয়েকে টানা তিন মাস ধর্ষণের মামলাতেও আমৃত্যু কারাদণ্ড হল দোষীর।

নাবালিকা ধর্ষণে মেসোকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: স্ত্রীকে খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল আগেই। এ বার শ্যালিকার নাবালিকা মেয়েকে টানা তিন মাস ধর্ষণের মামলাতেও আমৃত্যু কারাদণ্ড হল দোষীর। সাজা প্রাপকের নাম জামশেদ আলি মণ্ডল। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতের এডিজে কোর্টে বিচারক সুতীর্থ বন্দ্যোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। আদালত জামশেদকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশও দিয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড। দুটি সাজাই একসঙ্গে চলবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০১৮ সালের ৮ এপ্রিল। বসিরহাটের বাদুড়িয়া থানার বাগজোলা এলাকার একটি বাড়ি থেকে জামশেদের স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়। পরদিনই বাদুড়িয়া থানায় জামশেদ আলি মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত এগোতে গিয়ে পুলিশ জানতে পারে স্ত্রীকে খুনের অভিযোগের পাশাপাশি জামশেদের বিরুদ্ধে শ্যালিকার নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগও রয়েছে। মূলত ধর্ষণের বিষয়টি জেনে যাওয়ার কারণে স্ত্রীকে খুন করে জামশেদ। স্বাভাবিকভাবে খুনের পাশাপাশি তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়। প্রথমে স্ত্রীকে খুনের মামলায় বিচার চলছিল। পরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে আসায় শুরু হয় পৃথক মামলার বিচারপ্রক্রিয়া। এদিকে স্ত্রীকে খুনের মামলায় ২০২৫ সালের ৩১ জানুয়ারি বসিরহাট ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারক জামশেদ আলি মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিলেন। তারপর নাবালিকাকে ধর্ষণের মামলার বিচার চলতে থাকে। শুক্রবার সেই মামলায় বসিরহাট মহকুমা আদালতের এডিজে কোর্ট জামশেদকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। একই সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাজা ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন জামশেদ।
মামলার সরকারি আইনজীবী গোলাম মোস্তাফা জানিয়েছেন, তদন্তে নাবালিকাকে ধর্ষণের বিষয়টি জানতে পারার পরেই স্ত্রীকে খুন করেন জামশেদ। প্রথমে তাঁর বিরুদ্ধে স্ত্রীকে খুনের মামলা চলছিল। পরে তদন্তে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে আসায় পৃথক ভাবে পকসো আইনে মামলা রুজু হয়। সেই মামলার বিচার শেষে এ দিন আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করল আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ