লন্ডন: চলতি মরশুমে দ্বিতীয় ট্রফি জয় থেকে মাত্র এক কদম দূরে ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার এফএ কাপের সেমি-ফাইনালে পিছিয়ে পড়েও সাদাম্পটনকে ২-১ গোলে হারাল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। ম্যাচের ৭৯ মিনিটে ফিন আজাজের গোলে লিড নেয় সাদাম্পটন। তবে সেই ধাক্কা সামলে তিন মিনিটের মধ্যেই সমতায় ফেরে সিটিজেনরা। স্কোরশিটে নাম তোলেন জেরেমি ডোকু। মিনিট পাঁচেক বাদে দুরন্ত গোলে দলকে ফাইনালের টিকিট এনে দেন নিকো গঞ্জালেস। উল্লেখ্য, আর্সেনালকে হারিয়ে আগেই লিগ কাপ ঘরে তুলেছে নীল ম্যাঞ্চেস্টার। এবার এফএ কাপ জয়ের হাতছানি তাদের সামনে। শুধু তাই নয়, প্রিমিয়ার লিগেও প্রবলভাবে লড়াইয়ে রয়েছে পেপ ব্রিগেড। সেক্ষেত্রে তাদের সামনে দারুণ সুযোগ রয়েছে ইংলিশ ফুটবলে ত্রিমুকুট জয়ের। এফএ কাপের খেতাবি যুদ্ধে তাদের প্রতিপক্ষ চেলসি। রবিবার অন্য সেমি-ফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারাল দ্য ব্লুজ। ম্যাচের একমাত্র গোলদাতা এনজো ফার্নান্ডেজ।



