


লন্ডন: একটা সময় দু’দলের মধ্যে পার্থক্য ছিল ৯ পয়েন্ট। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর পয়েন্ট নষ্টের খেসারত কাজে লাগিয়ে প্রিমিয়ার লিগ খেতাবের দৌড়ে অ্যাডভান্টেজ পজিশনে ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার ঘরের মাঠে শীর্ষে থাকা আর্সেনালকে ২-১ গোলে হারাল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। সেই সুবাদে দু’দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াল মাত্র ৩। তবে এক ম্যাচ বেশি খেলেছে গানাররা। অর্থাৎ, লিগের বাকি ছ’টি ম্যাচ জিতলেই খেতাব ঘরে তুলবে ম্যান সিটি। আর্সেনাল তাদের বাকি পাঁচটি ম্যাচ জিতলেও দু’দলের পয়েন্ট সমান দাঁড়াবে। সেক্ষেত্রে হেড টু হেডের নিরিখে বাজিমাত করবে সিটিজেনরা। এদিন ম্যাচে ম্যান সিটির হয়ে জাল কাঁপান রায়ান চের্কি ও আর্লিং হালান্ড। আর্সেনালের হয়ে কাই হাভার্ট ব্যবধান কমালেও,তা যথেষ্ট ছিল না। পরপর দু’ম্যাচ হেরে আরও একবার শেষ ল্যাপে খেতাবের স্বপ্ন চুরমার হওয়ার মুখে মিকেল আর্তেতা ব্রিগেড। একমাত্র ম্যান সিটি পয়েন্ট নষ্ট করলেই ফের সুযোগ আসবে তাদের সামনে।
দিনের অপর ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে সংযোজিত সময়ের গোলে এভার্টনকে ২-১ গোলে হারাল ‘দ্য রেডস’। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন মো সালাহ ও ভার্জিন ফন ডিক। এছাড়া চেলসিকে ১-০ গোলে হারায় ম্যান ইউ। ম্যাচের গোলদাতা হলেন ম্যাথুস কুনহা।