স্ত্রী ও চার বছরের ছেলেকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য
  • ১৫ অক্টোবর, ২০২৬ ১০:৩৮
Prefer us on Google

কেরল, ১৫ অক্টোবর: স্ত্রী ও চার বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত। আজ বৃহস্পতিবার গভীর রাতে কেরলের ত্রিশূর জেলার ভালাপ্পাড় এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছে বিস্ময়া (২৪) এবং তাঁর চার বছরের ছেলে দক্ষিণ। নত্তিকা এলাকার বাসিন্দা তাঁরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে বিয়ে হয়েছিল এই দম্পতির। পেশায় লরিচালক ছিলেন অভিযুক্ত বিজেশ। সপ্তাহে এক থেকে দুইবার স্ত্রীর কাছে আসতেন তিনি। অভিযোগ, স্ত্রীর সঙ্গে অন্য কারও সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন অভিযুক্ত বিজেশ। আর ঠিক সেই সন্দেহে ও আক্রোশ থেকেই পরিকল্পনা করে স্ত্রী ও ছেলেকে খুন করে অভিযুক্ত। এরপর নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন বিজেশ। এরপর এই ঘটনা চোখে পড়তেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। এরপর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি অভিযুক্ত বিজেশকে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় ত্রিশূর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ভালাপ্পাড় সমুদ্রসৈকতের কাছে বিস্ময়ার বাড়িতে রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্রের সাহায্যে দুইজনকে খুন করা হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। এই ঘটনায় ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।