Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রাম দিবসে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

নন্দীগ্রাম দিবসে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রাম দিবসে কৃষকদের অবদানের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সমাজমাধ্যম এক্স-হ্যান্ডেলে তিনি জানান, ‘আমাদের কৃষকরা সারাবছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দেন। আমি তাঁদের পরিশ্রমকে কুর্নিশ জানাই - তাঁরাই আমাদের গর্ব।’ প্রসঙ্গত, আন্দোলনপর্বে বাম আমলে ১৪ মার্চের গণহত্যাকে স্মরণ করে প্রতিবছর ‘নন্দীগ্রাম দিবস’ পালন করে তৃণমূল। 

Advertisement

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই কৃষি উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার। যার জেরে রাজ্যের কৃষকদের আয়ও বেড়েছে অনেকগুণ। রাজ্য সরকারের পদক্ষেপগুলির কথা উল্লেখ করে তাঁর বার্তা, ‘সীমিত ক্ষমতায় যতটা করা সম্ভব, আমরা বাংলার চাষী ভাই-বোনেদের জন্য তা করার চেষ্টা করি। ‘কৃষকবন্ধু (নতুন)’ প্রকল্পে আর্থিক সহায়তা, কর্মরত কৃষকদের মৃত্যুতে মৃত্যুজনিত সহায়তা, শস্য বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন, প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক সহায়তা, ফসলের অভাবী বিক্রি বন্ধ করতে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা, কৃষক পেনশন প্রদান, ১৮৬টি ‘কিষান মাণ্ডি চালু করা, বিনামূল্যে কৃষি সহায়ক সরঞ্জাম প্রদান—সবকিছুই আমরা করেছি। ২০১৯ সাল থেকে  আমাদের সরকার সম্পূর্ণ নিজের অর্থে বাংলা শস্যবিমা প্রকল্প চালু করেছে।’ এভাবেই আগামী দিনেও মা-মাটি-মানুষের সরকার কৃষকবন্ধুদের পাশে থাকবে বলেও জানিয়ে তিনি লিখেছেন, ‘কৃষক দিবসে নন্দীগ্রামে কৃষিজমি রক্ষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি আমার গভীর সমবেদনা। সঙ্গে সকল কৃষক ভাইবোন ও তাঁদের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

সম্পর্কিত সংবাদ