Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিরামপুরে সভা করে গৌড়বঙ্গে ভোট প্রচার শুরু করছেন মমতা, আসছেন অভিষেকও

দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে ঝাঁজ বাড়াতে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

হরিরামপুরে সভা করে গৌড়বঙ্গে ভোট প্রচার শুরু করছেন মমতা, আসছেন অভিষেকও
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমেন পাল, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে ঝাঁজ বাড়াতে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। হরিরামপুরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করতে আসছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বালুরঘাট ও তপনেও সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

দলীয় সূত্রে জানা গিয়েছে, ২৫ মার্চ হরিরামপুরে এই সভা হবে। যা গৌড়বঙ্গে তৃণমূলের ভোট প্রচারের প্রথম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের মুখে কর্মীদের উজ্জীবিত করাই এই সভার মূল লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা তৃণমূল নেতৃত্বের তৎপরতা বেড়েছে। শনিবার টানা বৃষ্টির মধ্যেই হরিরামপুর হাইস্কুল মাঠ পরিদর্শন করেন প্রার্থী বিপ্লব মিত্র ও অন্যান্য নেতৃত্ব। প্রশাসনের তরফেও প্রাথমিক ভাবে তিনটি সম্ভাব্য সভাস্থল খতিয়ে দেখা হয়েছে। তৃণমূলের দাবি, হরিরামপুরের এই জনসভা থেকেই গোটা জেলার কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, পুরনো রাজনৈতিক সহযোদ্ধা বিপ্লব মিত্রের সমর্থনে এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। এরপর ২৮ মার্চ জেলায় জোড়া কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তপন বিধানসভায় প্রার্থী চিন্তামণি বিহার সমর্থনে তপনে সভা করবেন তিনি। একই দিনে বালুরঘাটে প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনেও জনসভা করবেন অভিষেক।
প্রচার শুরুর আগেই শীর্ষ নেতৃত্বকে ময়দানে নামিয়ে নির্বাচনী কৌশল এগিয়ে রাখার চেষ্টা করছে তৃণমূল। এর মাধ্যমে বিরোধীদের উপর চাপ বাড়ানোর লক্ষ্য নিয়েছে শাসক দল, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে, বিজেপির তরফে এখনও জেলায় স্টার প্রচারকদের সূচি স্পষ্টভাবে জানানো হয়নি। যদিও দলীয় নেতৃত্ব জানিয়েছে, তারাও শীঘ্রই বড় মাপের প্রচারে নামবে। আপাতত তৃণমূলের সভার পাল্টা সভা করার পথে হাঁটছে না গেরুয়া শিবির।
তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, হরিরামপুর থেকে গৌড়বঙ্গে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হরিরামপুরে আমাদের জমি তৈরি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এসেই নির্বাচনী রণকৌশল বেঁধে দিয়ে যাবেন। তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, আমাদের এবারে স্টার প্রচারকদের দিয়ে একাধিক প্রচারের বিষয় ঠিক করা হয়েছে। ২৮ মার্চ জোড়া কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  তপন ও বালুরঘাট প্রার্থীর সমর্থনে প্রচারে আসছেন। আমরা সমস্ত জায়গায় মাঠ পরিদর্শন করে দেখে নিচ্ছি। 
অন্যদিকে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, আমদের যেমন নির্বাচনী প্রচার চলছে তেমনই চলবে। তৃণমূলের পায়ের তলার মাটি নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে নির্বাচনের হাওয়া তুলতে হচ্ছে। আমাদের একাধিক স্টার প্রচারক ভোট প্রচারে থাকবেন।     

Advertisement
সম্পর্কিত সংবাদ