


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি ইস্তাহার প্রকাশ করেছেন। আজ, রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে তিনি নেমে পড়ছেন প্রচার কর্মসূচিতে। সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভা করবেন মমতা। যেহেতু ভবানীপুরের তৃণমূল প্রার্থী তিনি, তাই এই বিধানসভা এলাকার মধ্যে থাকা ওয়ার্ডগুলির কাউন্সিলর এবং সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কর্মীদের কর্মিসভায় ডেকেছেন মমতা। আজকের এই বৈঠকে মমতা একাধিক নির্দেশ দেবেন কর্মীদের। ভোটকেন্দ্রিক স্ট্র্যাটেজিও নির্ধারণ করে দেবেন। শান্তিপূর্ণভাবে ভোট প্রচার কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সে সম্পর্কেও কর্মীদের দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রী। ২০২১ সালের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা জিতেছিলেন ৫৮ হাজার ৮৩৫ ভোটে। ইতিমধ্যে তৃণমূলের নেতা, কর্মীরা দাবি করেছেন, রেকর্ড
ব্যবধানে এবার মমতা বন্দ্যোপাধ্যায় জিততে চলেছেন। সেই সূত্রেই তৃণমূল নেতারা আওয়াজ তুলেছেন, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। বাড়ি বাড়ি প্রচার, ভবানীপুরের প্রত্যেক মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা, বিরোধীদের কুৎসা- প্ররোচনায় পা না দিয়ে, কীভাবে দলের প্রচারকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই বার্তাই মমতা দেবেন বলে মনে করছেন তৃণমূল নেতারা। ফলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে মমতার প্রথম কর্মিসভা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মিসভার পরেই আগামী সপ্তাহ থেকে ভোটকেন্দ্রিক প্রচারে জেলায় জেলায় বেরিয়ে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ২৪ মার্চ আলিপুরদুয়ার, ময়নাগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়িতে মমতার কর্মসূচি রয়েছে। ২৫ তারিখ রায়গঞ্জ, হরিরামপুরে সভা করার কথা তৃণমূল নেত্রীর। একদিকে যেমন তৃণমূল নেত্রী প্রচারে নেমে পড়েছেন, অন্যদিকে তৃণমূল সেনাপতি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রচার কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন। অভিষেকের আনুষ্ঠানিকভাবে প্রচার কর্মসূচির একেবারে শুরুর দিকেই থাকছে নন্দীগ্রাম। যে বিধানসভা কেন্দ্রটি নিয়ে তৃণমূলের বাড়তি নজর রয়েছে। অভিষেকের প্রচার কর্মসূচি শুরু হচ্ছে ২৪ মার্চ থেকে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভা করবেন তিনি। পরদিন ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা করবেন তিনি। ওই দিনই দাসপুর, কেশিয়াড়িতে জনসভা রয়েছে অভিষেকের।
আগামী ২৫ তারিখ নন্দীগ্রাম বিধানসভার প্রত্যেকটি বুথ থেকে দশ জন করে কর্মীকে নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক। ২৬ তারিখ উত্তরবঙ্গের নাটাবাড়ি, ধুপগুড়ি ও কালচিনিতে রাজনৈতিক কর্মসূচি রয়েছে অভিষেকের। ২৭ তারিখ বিনপুর, পাঁশকুড়া পূর্ব, কুলপিতে কর্মসূচি রয়েছে তৃণমূল সেনাপতির। ২৮ তারিখ বালুরঘাট, মানিকচক, সাগরদিঘি, ২৯ তারিখ দুবরাজপুর, নওদা ও সন্দেশখালিতে কর্মসূচি রয়েছে অভিষেকের। ৩০ তারিখ বাগমুন্ডি, কাঁথি এবং ৩১ তারিখ শীতলকুচি, রায়গঞ্জ, ফালাকাটাতে প্রচার সারবেন অভিষেক।