Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফিরহাদের ইস্তফার পর কাউন্সিলারদের সমর্থন যাচাই করতে আজ বৈঠকে মমতা, বিধাননগর পুরসভায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ

ফিরহাদ হাকিমের ইস্তফার পর আজ মমতার বৈঠক। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলছে। বিস্তারিত পড়ুন।

ফিরহাদের ইস্তফার পর কাউন্সিলারদের সমর্থন যাচাই করতে আজ বৈঠকে মমতা, বিধাননগর পুরসভায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে আড়াআড়ি ভাঙন হয়েছে। ভাঙতে চলেছে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলও। এই অবস্থায় কলকাতা পুরসভার পরিষদীয় দলের হাল বুঝতে আজ, রবিবার বিকালে তৃণমূল ভবনে বৈঠক ডাকা হয়েছে। উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ার পর নতুন মেয়র কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। তবে তৃণমূল কংগ্রেস কাউন্সিলারদের একাংশ মনে করছে, নেত্রী যাঁকে মেয়র পদের জন্য বাছাই করবেন, কাউন্সিলারদের তাঁকে অপছন্দ হলেই বিধানসভার মতো কলকাতা পুরসভায়ও বিভাজন স্পষ্ট হয়ে যেতে পারে। এই আবহে পুরবোর্ড ভেঙে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক বসানোর প্রক্রিয়া গতি পাচ্ছে রাজ্যজুড়ে। কাল, সোমবারের মধ্যে পুরদপ্তরকে কলকাতা পুরসভার অবস্থা জানাবেন পুর-কমিশনার স্মিতা পান্ডে। 

Advertisement

গত শুক্রবার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ববি। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডের শাসক পক্ষকে নতুন মেয়র নির্বাচন করে ফেলতে হবে। তাঁকে শপথবাক্য পাঠা করাবেন পুরসভার চেয়ারপার্সন। কিন্তু তিন দিনের মধ্যে মেয়র নির্বাচন না হলে বোর্ড ভেঙে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে রাজ্য অ্যাডমিনিস্ট্রেটর বা বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস বসিয়ে দিতে পারে। এই পরিস্থিতিতে আজ বিকেল ৪টা নাগাদ বাইপাসের ধারে মেট্রোপলিটনে তৃণমূল ভবনে বৈঠকে বসতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, মালা রায় তৃণমূলের কাউন্সিলারদের ফোন করে বৈঠকে আসতে বলেছেন। মেয়র হিসাবে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র অতীন ঘোষের নাম নিয়ে আলোচনা চলছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সেই বৈঠকে কত জন কাউন্সিলার উপস্থিত থাকেন, সেটাই দেখার। 
ববি হাকিম ইস্তফা দেওয়ার পরই পুরদপ্তরের তরফে সামগ্রিক বিষয়ে জানতে কমিশনারকে চিঠি পাঠানো হয়। ৭২ ঘণ্টার মধ্যে উত্তর চাওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, তিনি অ্যাডমিনিস্ট্রেটর বসানোর পক্ষেই পুরদপ্তরকে চিঠি পাঠাতে চলেছেন। রাজ্য সরকারের তরফেও সেই মনোভাব অনেকটা স্পষ্ট। ফলে পুরবোর্ড ভেঙে দিয়ে কলকাতা পুরসভাতেও প্রশাসক বসানো এখন স্রেফ সময়ের অপেক্ষা  বলছে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এদিকে, বিধাননগর পুরসভায় শনিবার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণা চক্রবর্তী। তারপর থেকে এই পুরসভায় অ্যাডমিনিস্ট্রেটর বসানো নিয়ে জোর জল্পনা চলছিল। এদিন প্রশাসক বসানোর বিজ্ঞপ্তি জারি করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এই পুরসভার কমিশনার রবি আগরওয়ালকেই প্রশাসকের দায়িত্ব দেওয়া হচ্ছে। এদিনই বদল করা হয়েছে হাওড়া পুরসভার কমিশনারকে। ২০১৭ ব্যাচের অফিসার তেজস্বী রানাকে হাওড়া পুরসভার নয়া কমিশনার করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ