নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পায়ের চিকিৎসা সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট ফাঁস হওয়ায় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক কুমার নাগ। সোমবার মমতার আইনজীবী চিঠি পাঠিয়েছেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা, হাসপাতালের এমএসভিপি এবং বাঙুর ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেসের নিউরোলজি বিভাগের প্রধানকে। তাতে মমতার আইনজীবীর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, ২০২১ সালের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট কীভাবে বাইরে এল? চিকিৎসার গোপনীয়তা ভঙ্গ হয়েছে বলে প্রশ্ন তুলে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। আইনি নোটিসে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট ২০২৩’র কথা উল্লেখ করা হয়েছে। যেখানে চিকিৎসা সংক্রান্ত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে হাসপাতালের দায়িত্ব সম্পর্কে প্রশ্নতোলা হয়েছে। তাছাড়া নথি প্রকাশ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নেওয়া হয়েছিল কিনা, সেই প্রশ্ন তুলেও ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। পালটা জবাব দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। ওঁনার (মমতার) আইনজীবীকেও সেকথা বলছি। এক্সরে প্লেট আর এমআরআই যদি দেখাতে শুরু করি, বাড়ি থেকে উনি (মমতা) বেরোতে পারবেন না। পাশাপাশি কোথা থেকে নথি সামন এসেছে, তার ইঙ্গিতও শুভেন্দু দিয়েছেন। বলেন, উনি (মমতা) চতুর্থ বার মুখ্যমন্ত্রী হিসেবে আসবেন ভেবেছিলেন। অনেক কাগজ অফিসের ড্রয়ারে রেখে দিয়ে গিয়েছিলেন। অনেক কাগজ বের করে নিয়ে যেতে পারেননি, সেগুলি ড্রয়ারেই ছিল।



