নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়বেতায় আইনজীবী শামিম আহমেদের উপর আক্রমণের তীব্র নিন্দা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘শালবনী থানার সামনে রাজ্যের বার কাউন্সিলের নব্য সদস্য শামিম আহমেদের উপর আক্রমণ খুবই অস্বস্তিকর।’ তিনি আরও বলেন, ‘আইনজীবীকে তাঁর অভিযোগপত্র বদলাতে চাপ দেওয়া হয়েছে।’ এর পাশাপাশি তিনি সম্প্রতি বারুইপুর ও ব্যাঙ্কশাল আদালতের ঘটনারও নিন্দা করেন। পশ্চিমবঙ্গে ‘জঙ্গল রাজ’ চলছে বলেও তোপ দেগেছেন মমতা। শামিম একজন বামপন্থী হিসাবে পরিচিত আইনজীবী মহলে।
সম্প্রতি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা প্রসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তারপর মমতা যেভাবে দ্ব্যর্থহীন ভাষায় বামপন্থী আইনজীবীর উপর হামলার নিন্দা করলেন, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। শামিম শনিবার গড়বেতা এলাকায় ঘরছাড়া মানুষদের আইনি সহায়তা দিতে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, ফেরার পথে তিন বার প্রাণঘাতী হামলা হয়েছে তাঁর উপর। মমতার বার্তা প্রসঙ্গে শামিম বলেন, ‘আমরা সংবিধান বাঁচাতে নেমেছি। এই লড়াইয়ে যাঁরা আসবেন, সকলকে স্বাগত। কোনো বিশেষ নেতাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার প্রশ্ন নেই। আবার অতীতও ভুলে যাচ্ছি না।’