Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারে পাঁচ বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যাই বেশি, ভোটগ্রহণ কেন্দ্র এক হাজার ৪২৩

আলিপুরদুয়ারে ভোটের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ নির্বাচন কমিশনের। কাল, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে।

আলিপুরদুয়ারে পাঁচ বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যাই বেশি, ভোটগ্রহণ কেন্দ্র এক হাজার ৪২৩
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রবীন রায়, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে ভোটের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ নির্বাচন কমিশনের। কাল, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। পাঁচটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১১ লক্ষ ৬৪ হাজার ৫০৬ জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৭৪ হাজার ৩৯৫ জন। অন্যদিকে, পুরুষ ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৯০ হাজার ৯৫ জন। মহিলাদের তুলনায় জেলায় পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। 

Advertisement

আলিপুরদুয়ার, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট ও ফালাকাটা- জেলার এই পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। যেখানে মোট ৪৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। জেলায় নজরকাড়া ভোট কেন্দ্রগুলির মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট কেন্দ্র। পাঁচটি বিধানসভা কেন্দ্রে ১ হাজার ৪২৩টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। 
জেলার পুলিশ সুপার অমিতকুমার শাহ বলেন, জেলায় মোট ৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলায় স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩৮টি। অন্যদিকে, জেলায় সম্পূর্ণ মহিলা ভোটকর্মী পরিচালিত কেন্দ্র রয়েছে ৩০০টি। 
জেলা প্রশাসন জানিয়েছে, ভোটের জন্য জেলায় গাড়ির সংখ্যা অপ্রতুল। সেই জন্য পাশের রাজ্য অসম থেকে ৪৫০টি গাড়ি আনা হয়েছে। অসমে গত ৯ এপ্রিলই ভোট শেষ হয়ে গিয়েছে। ভোটের জন্য নিজস্ব জেলা থেকে আরও ৬০০টি গাড়ি নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১০৫০টি গাড়ি নেওয়া হয়েছে। মঙ্গলবারই সমস্ত গাড়ি প্যারেড গ্রাউন্ডে রাখা হয়েছে।
পাঁচটি আসনের ভোট গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জেলায় মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামেদের যেমন প্রার্থী রয়েছে, তেমনি নির্দল প্রার্থীরাও আছেন। তবে জেলায় মূল লড়াই হবে তৃণমূল ও বিজেপি যুযুধান দুই রাজনৈতিক দলের মধ্যে। 
জেলার নজরকাড়া বিধানসভা আসনগুলির মধ্যে আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল ও বিজেপি প্রার্থী পরিতোষ দাসের লড়াইয়ের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। একুশের ভোটে সুমন কাঞ্জিলাল বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দেন। এবার তৃণমূলের বাজি সেই সুমন কাঞ্জিলালই। 
এদিকে, মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে জিতেছিল তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো। মাদারিহাট জেতা আসনটি ধরে রাখতে তৃণমূল সেই জয়প্রকাশ টোপ্পোর উপরেই আস্থা রেখেছে। এক সময় বিজেপির গড় বলা হত মাদারিহাটকে। বিজেপি হারানো আসনটি পুনরুদ্ধারে এখানে প্রার্থী করেছে লক্ষ্ণণ লিম্বুকে।
অন্যদিকে, ফালাকাটায় বিজেপির হেভিওয়েট প্রার্থী দীপক বর্মন। একুশে দীপকবাবু তৃণমূল প্রার্থী সুভাষচন্দ্র রায়কে মাত্র ৩৯৯০ ভোটে হারিয়েছিলেন। এবার দু’জনেই ফের একে অপরের প্রতিপক্ষ। ফলে রাজনৈতিক মহলের নজর থাকবে ফালাকাটা আসনের বিধানসভা আসনটির দিকে। 
উল্লেখ্য, মানুষ-বন্যপ্রাণী সংঘাত এড়াতে বনদপ্তর জলদাপাড়া জঙ্গলের ভিতরে ও জঙ্গলের বাইরে ১৩০টি ভোটগ্রহণ কেন্দ্রকে চিহ্নিত করে নজরদারি শুরু করে দিয়েছে। 

সম্পর্কিত সংবাদ