Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মালদহের আমের রপ্তানি বাড়তে পারে কয়েক গুণ, উদ্যোগ উদ্যানপালন দপ্তরের

বিদেশে মালদহের আমের রপ্তানি এবার বাড়তে চলেছে কয়েক গুণ। জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

মালদহের আমের রপ্তানি বাড়তে পারে কয়েক গুণ, উদ্যোগ উদ্যানপালন দপ্তরের
  • ১ মে, ২০২৬ ১৬:০৫
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: বিদেশে মালদহের আমের রপ্তানি এবার বাড়তে চলেছে কয়েক গুণ। জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

Advertisement

রপ্তানির জন্য জেলার বিশেষভাবে চিহ্নিত বাগানগুলিতে গুণমান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশকিছু প্রস্তুতি নিয়েছে জেলা উদ্যানপালন দপ্তর। তার সঙ্গে যৌথভাবে কাজ করছে কেন্দ্রীয় সরকারের সংস্থা সেন্ট্রাল ইনস্টিটিউট অব সাব ট্রপিকাল হর্টিকালচার (সিআইএসএইচ)। এই যৌথ প্রয়াসের লক্ষ্য, নতুন নতুন দেশে মালদহের আমের রপ্তানি বৃদ্ধির পাশাপাশি স্থায়ী বাজার তৈরি।
জেলা উদ্যানপালন বিভাগের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, মধ্যপ্রাচ্যের কিছু দেশে মালদহের আম আগেও রপ্তানি হয়েছে। কিন্তু গত বছর স্কটল্যান্ড, ইংল্যান্ড, ভুটান, সংযুক্ত আরব আমিরশাহী সহ পাঁচটি দেশে ১৫ টন রপ্তানি করা হয়েছিল। মালদহের আম ওই দেশগুলির ক্রেতারা সাদরে গ্রহণ করেছেন। এবার ওই দেশগুলি থেকে প্রায় তিনশো টন মালদহের আম সরবরাহের বরাত মিলেছে। আন্তর্জাতিক রপ্তানিকারকরা বিষয়টি নিয়ে যোগাযোগও করেছেন। জুন মাসের মাঝামাঝি সেই প্রক্রিয়া শুরু হতে পারে।
সামন্ত বৃহস্পতিবার জানিয়েছেন, রপ্তানির লক্ষ্যে মালদহের প্রায় ৬০ থেকে ৭৫ হেক্টর আমবাগানকে বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে। সিআইএসএইচ কর্তৃপক্ষ এবিষয়ে প্রয়োজনীয় সহায়তা করছেন। আমচাষিদের সঙ্গেও বৈঠক হয়েছে। যে বাগানগুলির আম রপ্তানির জন্য চিহ্নিত করা হয়েছে, সেই সব বাগানে ইতিমধ্যে উৎপন্ন হওয়া আমগুলিকে বিশেষ কাগজের মোড়কে ঢেকে ফেলার কাজ শেষ। রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না। আগামী বছর থেকে ওই দেশগুলিতে রপ্তানির পরিমাণ কয়েক গুণ বাড়বে।
মালদহ ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল চৌধুরী বলেন, আম রপ্তানির ক্ষেত্রে উদ্যানপালন দপ্তর এবং সিআইএসএইচের যৌথ উদ্যোগ প্রশংসনীয়। এতে মালদহে চরিত্র পরিবর্তন করে আমবাগান বিক্রির প্রবণতা অনেকটাই কমবে বলে মনে হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ