Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিকে নজরকাড়া ফল মালদহেরও, খুশি শিক্ষামহল, প্রথম দশে জেলার পাঁচ পড়ুয়া

মাধ্যমিকের মেধাতালিকায় মালদহ জেলা থেকে তিনটি স্কুলের পাঁচ জন স্থান পেয়েছে। তাদের মধ্যে গাজোল হাজি নাকু মহম্মদ হাইস্কুলের ছাত্র কমলেশ সরকার, শুভ্রদীপ মণ্ডল ও মহম্মদ তৌসিক আফরোজ যথাক্রমে সপ্তম, অষ্টম ও নবম স্থান দখল করেছে। কমলেশের প্রাপ্ত নম্বর ৬৯১।

মাধ্যমিকে নজরকাড়া ফল মালদহেরও, খুশি শিক্ষামহল, প্রথম দশে জেলার পাঁচ পড়ুয়া
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা: মাধ্যমিকের মেধাতালিকায় মালদহ জেলা থেকে তিনটি স্কুলের পাঁচ জন স্থান পেয়েছে। তাদের মধ্যে গাজোল হাজি নাকু মহম্মদ হাইস্কুলের ছাত্র কমলেশ সরকার, শুভ্রদীপ মণ্ডল ও মহম্মদ তৌসিক আফরোজ যথাক্রমে সপ্তম, অষ্টম ও নবম স্থান দখল করেছে। কমলেশের প্রাপ্ত নম্বর ৬৯১। শুভ্রদীপ এবং মহম্মদ তৌসিফ আফরোজের প্রাপ্ত নম্বর ৬৯০ এবং ৬৮৯। নালাগোলা হাইস্কুলের মনিষ ঘোষ এবং কালিয়াচক টার্গেট পয়েন্ট আর হাইস্কুলের মহম্মদ সঈদ আলম ৬৮৮ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় রায় বলেন, রাজ্যের মেধাতালিকায় থাকা জেলার পাঁচ ছাত্রকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে তাদের স্কুল কর্তৃপক্ষকেও শুভেচ্ছা। সেইসঙ্গে এই জেলা থেকে যেসমস্ত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। সপ্তম স্থানাধিকারী কমলেশ সরকার গণিত নিয়ে গবেষণা করতে চায়। সে বলে, গণিত আমার জীবন প্রিয়। গণিতের জন্য আমার কোনো শিক্ষক ছিল না। নিজে নিজে পড়েই পরীক্ষা দিয়েছি। আমি গণিত নিয়ে গবেষণা করতে চাই। রাজ্যের মধ্যে সপ্তম হওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে। উত্তরে কমলেশ জানায়, খুব বেশিক্ষণ পড়তাম না। পাঁচ থেকে ছ’ঘণ্টা করে পড়াশোনা করতাম। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে কমলেশ। পড়া আর ছবি আঁকার পর সময় পেলেই টিভি খুলে বসে পড়ত সে। মেধাতালিকায় অষ্টম স্থানাধিকারী শুভ্রদীপ মণ্ডল বড় হয়ে আমলা হতে চায়। তাই তার লক্ষ্য সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি। সে বলে, আমি সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চাই। একজন আমলা হয়ে মানুষ এবং দেশের সেবা করতে চাই।মেধাতালিকায় নবম স্থানাধিকারী মহম্মদ তৌসিফ আফরোজ ইনকাম ট্যাক্স অফিসার হতে চায়। সে বলে, আমি বড় হয়ে একজন আয়কর দপ্তরের কর্তা হতে চাই। তারজন্য এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছি।  মালদহ জেলার বামনগোলা ব্লকের নালাগোলা হাইস্কুল ও কালিয়াচকের টার্গেট পয়েন্ট আর স্কুলের দুই ছাত্র মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে। নালাগোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মনিষ ঘোষ অবশ্য মেধাতালিকার প্রথম পাঁচে থাকবে বলেই আশাবাদী ছিল। মাধ্যমিকের ফল প্রকাশের পর সে জানায়,  প্রথম পাঁচে থাকার আশা ছিল। উচ্চ মাধ্যমিকে চেষ্টা করব যাতে আরও ভালো ফল করা যায়। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় মনিষ।  মাধ্যমিকের মার্কশিট নিয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজের সঙ্গে কৃতী ছাত্ররা। ইংলিশবাজারে তোলা নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ