Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

মালদহ মেডিকেলে পিপিপি মডেলে হার্ট, নিউরো ও ক্যানসার হাসপাতালের দাবি

দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের দাবি, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট, নিউরো বিভাগ চালু হোক। সেইসঙ্গে গড়ে উঠুক উন্নত পরিকাঠামো যুক্ত পৃথক ক্যানসার হাসপাতাল।

মালদহ মেডিকেলে পিপিপি মডেলে হার্ট, নিউরো ও ক্যানসার হাসপাতালের দাবি
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের দাবি, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট, নিউরো বিভাগ চালু হোক। সেইসঙ্গে গড়ে উঠুক উন্নত পরিকাঠামো যুক্ত পৃথক ক্যানসার হাসপাতাল। দিন কয়েক আগে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এলে তাঁকেও এনিয়ে দাবি জানান রোগী ও তাঁদের পরিজনরা। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে এনিয়ে দাবি জানালেন বিজেপির দক্ষিণ মালদহের জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, অন্তত পিপিপি মডেলে হলেও যাতে মালদহে হার্ট, নিউরো ও ক্যানসার হাসপাতাল গড়ে ওঠে, মুখ্যমন্ত্রীর কাছে সেব্যাপারে আবেদন জানানো হয়েছে। মালদহ মেডিকেলে শুধু জেলার বাসিন্দারা নন, দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ থেকে যেমন বহু মানুষ চিকিৎসা করাতে আসেন, তেমনই বিহার থেকেও অনেকে আসেন। ফলে ভৌগোলিক গুরুত্ব বিচার করে মালদহে হার্ট, নিউরো ও ক্যানসার হাসপাতাল যে কতটা জরুরি, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তা উল্লেখ করেছেন বিজেপির জেলা সভাপতি।  বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গে এইমসের কথা বলা হয়েছে। কিন্তু উত্তরের কোন জেলায় সেটি গড়ে উঠবে, তা এখনও ঠিক হয়নি। কোচবিহার, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলা এইমসের দাবিদার। একইসঙ্গে বিজেপির নেতা-মন্ত্রীরা উত্তরবঙ্গে ক্যানসার হাসপাতাল করারও আশ্বাস দিয়েছেন। সেটিও কোন জেলায় হবে তা এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে মালদহে পিপিপি মডেলে হলেও যাতে একই ছাদের নীচে হার্ট, নিউরো ও ক্যানসার হাসপাতাল করা যায়, সেব্যাপারে আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে বিজেপির জেলা সভাপতির চিঠি লেখার বিষয়টি সামনে আসতেই তা অন্য মাত্রা পেয়েছে। 

Advertisement

বাসিন্দাদের দাবি, মালদহ মেডিকেলে হার্ট ও নিউরো বিভাগ না থাকায় তাঁদের হয় কলকাতায় নতুবা রাজ্যের বাইরে ছুটতে হয়। সেই সঙ্গে মালদহ মেডিকেলে ক্যানসার বিভাগ থাকলেও সেটির পরিকাঠামো তেমন উন্নত নয়। ফলে ক্যানসার রোগীদের বেশিরভাগই চিকিৎসার জন্য কলকাতা বা মুম্বইয়ে যেতে বাধ্য হন। মালদহে যদি পিপিপি মডেলে উন্নত মানের চিকিৎসা পরিকাঠামো যুক্ত হার্ট, নিউরো ও ক্যানসার হাসপাতাল হয়, সেক্ষেত্রে জেলার বাসিন্দাদের অর্থ ও সময় দুই-ই বাঁচবে বলে দাবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ