সিটি সেন্টার-২ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ২৫টি ঝুপড়ি
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের আগুন নিউটাউনে। ঝুলন্ত রেস্তরাঁয় আগুন লাগার ঘটনার পরই এবার সিটি সেন্টার-২ এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল। শুক্রবার বিকেলের ওই অগ্নিকাণ্ডে প্রায় ২৫টি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে, কেউ হতাহত হয়নি। পরপর সিলিন্ডার ফেটে এলাকায় আতঙ্কও ছড়ায়। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য দ্রুত পদক্ষেপ নেয় দমকল। চারটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে এই আগুন লাগার ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার সহ আগুন লাগার সমস্ত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটাউন সিটি সেন্টার-২ লাগোয়া ওই আটঘরা পূর্বপাড়া এলাকাটি বাগুইআটি থানার অধীনে। সেখানে একাধিক ঝুপড়ি রয়েছে। এর আগেও এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, প্লাস্টিক জাতীয় প্রচুর জিনিসপত্র মজুত করা ছিল। ফলে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিন বিকেল ৪টে নাগাদ আচমকা একটি ঝুপড়িতে আগুন লাগে। তারপর ছড়িয়ে যায়। যেহেতু, ঝুপড়িগুলি পাশাপাশি, তাই পরপর আগুন ধরে যায়। একাধিক ঝুপড়ির ভিতরে রান্নার গ্যাসের সিলিন্ডার ছিল। আগুনের জেরে সেগুলি পরপর ফাটতে শুরু করে। তাতে আগুন আরও ছড়ায়। 
আশাপাশে প্রচুর জনবসতি। আগুন ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় আতঙ্কে ছিলেন এলাকার মানুষ। তবে, সঠিক সময়ে দমকল কর্মীরা এলাকায় পৌঁছে যান। সিলিন্ডার ফাটার মধ্যেও ঝুঁকি নিয়ে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। তিনি নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজে তদারকি করেন। তবে, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কোথা থেকে এই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল, তার কারণ খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ।